ওচমান জাহাঙ্গীর, চট্টগ্রাম

চট্টগ্রামে ক্যানসার রোগীর সংখ্যা ও চিকিৎসার চাহিদা বাড়লেও এখনো গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র। সরকারি হাসপাতালে বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে চলছে এ রোগের চিকিৎসা। কোথাও কেমোথেরাপি, কোথাও রেডিওথেরাপি, আবার কোথাও রক্তের ক্যানসারের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু ক্যানসার শনাক্তকরণ থেকে শুরু করে অস্ত্রোপচার, আধুনিক চিকিৎসা ও পরবর্তী পর্যবেক্ষণ—সব সেবা এক জায়গায় না থাকায় রোগীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।


সরকারি হাসপাতালগুলোতে বিশেষায়িত এসব রোগের কিছু চিকিৎসাসেবা চালু থাকলেও আধুনিক প্রযুক্তি, মলিকুলার ল্যাব ও সমন্বিত চিকিৎসাব্যবস্থার অভাবে জটিল রোগীদের বড় অংশকে রাজধানীমুখী হতে হচ্ছে।


আর্থিকভাবে সচ্ছলদের কেউ কেউ উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন বিদেশে। এতে বাড়ছে রোগী ও স্বজনদের আর্থিক চাপ ও ভোগান্তি। রোগী, স্বজন ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের রোগীদের চিকিৎসার দীর্ঘদিনের সংকট অনেকটাই অবসান হবে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যানসারের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন বিভাগে। পাকস্থলী ও যকৃতের ক্যানসারের চিকিৎসা চলছে ৩৮ নম্বর ওয়ার্ডের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে। রক্তের ক্যানসারের চিকিৎসা দেওয়া হয় ৩৭ নম্বর ওয়ার্ডের হেমাটোলজি বিভাগে। ফুসফুস, কিডনিসহ অন্যান্য অঙ্গের ক্যানসারের চিকিৎসাও সংশ্লিষ্ট বিভাগগুলোতে সীমিত পরিসরে দেওয়া হচ্ছে।


এছাড়া হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। স্তন, জরায়ু, বৃহদান্ত্র, কিডনি, মুখগহ্বর, পাকস্থলী, ফুসফুস, কোলন ও থাইরয়েড ক্যানসারে আক্রান্ত রোগীদের কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হচ্ছে।


চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী আসগর চৌধুরী জানান, প্রতিদিন গড়ে ১২০ জনের বেশি ক্যানসার রোগী এ বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু রোগ শনাক্তকরণের জন্য অত্যাধুনিক মলিকুলার ল্যাব না থাকায় রোগীদের বিভিন্ন জায়গায় পরীক্ষা করাতে হচ্ছে। এতে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।


তিনি বলেন, মলিকুলার ল্যাব না থাকায় রোগীর জন্য কোন ধরনের টার্গেট থেরাপি প্রয়োজন, জিনগত বৈশিষ্ট্য কী কিংবা কোন চিকিৎসা বেশি কার্যকর হবে, তা নির্ধারণ করা কঠিন হচ্ছে। লিকুইড বায়োপসির মতো আধুনিক পরীক্ষার সুবিধাও এখানে নেই। এসব পরীক্ষা চালু হলে ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসার ধরন নির্ধারণ সহজ হবে।


আসগর চৌধুরী আরো জানান, ক্যানসার চিকিৎসায় বর্তমানে লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন ব্যবহার করা হচ্ছে। এ মেশিনের মাধ্যমে উচ্চশক্তির রশ্মি প্রয়োগ করে নির্ভুলভাবে টিউমারের ক্যানসার কোষ ধ্বংস করা যায়। চমেক হাসপাতালে মেশিনটি স্থাপনের জন্য সরকারের কাছে চাহিদাপত্র দেওয়া হয়েছে। এটি স্থাপন করা হলে সরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের আধুনিক রেডিওথেরাপি পাওয়ার সুযোগ বাড়বে।


চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পুরোনো ও নতুন মিলিয়ে ২৭ হাজার ৭৭৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি বছর আনুমানিক ২৫ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। দুই বছরে মোট প্রায় ৫২ হাজার ৭৭৬ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।


পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি মাথা ও ঘাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৭২৪ জন (২১ শতাংশ)। এরপর ফুসফুসের ক্যানসারে ৫৫২ জন (১৬ শতাংশ), বৃহদান্ত্রের ক্যানসারে ৪১৪ জন (১২ শতাংশ), খাদ্যনালির ক্যানসারে ২৪১ জন (৭ শতাংশ) এবং পাকস্থলীর ক্যানসারে ২০৭ জন (৬ শতাংশ)। অন্যান্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১,৩১৩ জন (৩৮ শতাংশ)।


নারীদের মধ্যে সবচেয়ে বেশি স্তন ক্যানসার শনাক্ত হয়েছে ৬৯৩ জনের (২৫ শতাংশ)। জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন (১৮ শতাংশ), মাথা ও ঘাড়ের ক্যানসারে ৩৩২ জন (১২ শতাংশ)। এছাড়া বৃহদান্ত্রের ক্যানসারে ২২১ জন (৮ শতাংশ) এবং ফুসফুসের ক্যানসারে ১৯৫ জন (৭ শতাংশ)। অন্যান্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৮৩২ জন (৩০ শতাংশ)।


চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগে রক্তের ক্যানসারসহ বিভিন্ন রক্তরোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীরে দুর্বলতা, বারবার জ্বর, অস্বাভাবিক রক্তপাত কিংবা রক্ত পরীক্ষায় অস্বাভাবিকতা—এসব লক্ষণের পর পরীক্ষায় অনেকের লিউকেমিয়া, লিম্ফোমা কিংবা মাইলোমার মতো রক্তের ক্যানসার শনাক্ত হয়। এরপর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ব্যয়ের চাপ।


হেমাটোলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এস এম জসিম উদ্দিন জানান, ২০০৮ সালে হাসপাতালের রক্তরোগ বিভাগের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে রক্তের ক্যানসারসহ বিভিন্ন রক্তরোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি, বহির্বিভাগ, ডে-কেয়ার ও রেফারেল—এই চার ধরনের সেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা চলছে।


এই বিভাগের গত পাঁচ বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে মোট ৮,৬৬৫ রোগী সেবা নেন। ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯,৫৩৭ জনে। ২০২৪ সালে ৯,৮০৪ এবং ২০২৫-এ ১০ হাজার ৬৯৪ রোগী চিকিৎসা নেন। ২০২৫ সালে ভর্তি হন ৬৬৪ জন, রেফারেল রোগী ছিলেন ১,৫৬৪, বহির্বিভাগে সেবা নেন ৬,১২৫ জন এবং ডে-কেয়ারে চিকিৎসা নেন ২,৩৪১ রোগী।


হেমাটোলজিতে ২০২২ সালে ১৪ জন, ২০২৩ সালে ১৬, ২০২৪-এ ২২ এবং ২০২৫ সালে ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের অক্টোবর পর্যন্ত মারা গেছেন আরো ১৫ জন। সব মিলিয়ে গত পাঁচ বছরে বিভাগটিতে ৮০ জন রোগীর মৃত্যু হয়েছে।


বিভাগটিতে বোনম্যারো, সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম (পিবিএফ), পিটি-এপিটিটি ও বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। তবে রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা সম্প্রসারণ ও আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছর নতুন ও পুরাতন মিলিয়ে সেখানে ১৫ হাজার ৬৩৩ জন ক্যানসার রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে নতুন রোগী ছিলেন ৪,৭৭২ জন।


চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ চলছে। সেখানে ক্যানসারের সব ধরনের চিকিৎসার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকবে। ২০২৮ সালের মধ্যে কেন্দ্রটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।


এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধীন ল্যাবরেটরি অব ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন অ্যান্ড ফাংশন এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারির (ক্রিকস) যৌথ সমীক্ষায় ক্যানসারের ঝুঁকি ও আক্রান্তের ধরন নিয়ে তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় খাদ্যাভ্যাস, তামাক সেবন ও জীবনযাত্রার বিভিন্ন বিষয়কে ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হিসেবে তুলে ধরা হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার পরিবর্তন ও অসচেতনতার কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ছে। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে চিকিৎসায় ভালো ফল পাওয়া সম্ভব।