বিনোদন ডেস্ক
একদিকে পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে নিজের ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের আকাঙ্ক্ষা। এই দুইয়ের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘মাদার’। গ্রিন এন্টারটেইনমেন্টে প্রচারিত ধারাবাহিকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন আশরাফ ও সুমাইয়া বখশ।
পারিবারিক সম্পর্কের জটিলতা, স্বার্থপরতা, ঈর্ষা ও রোমান্স—সব মিলিয়ে দর্শকদের আলোচনায় রয়েছে ধারাবাহিকটি। সম্প্রতি প্রধান দুই চরিত্রের হানিমুনের একটি ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে ‘মাদার’।
যে গল্প নিয়ে ‘মাদার’ ধারাবাহিকটির গল্পের কেন্দ্রে সামার। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। মা ও ভাইবোনদের দেখাশোনার পাশাপাশি পরিবারের আর্থিক দায়িত্বও সামলাতে হয় তাকে। নিজের আইটি ব্যবসা থেকে আয় করে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করে সামার।
কিন্তু সময়ের সঙ্গে তার এই উদারতা পরিবারের অন্য সদস্যদের কাছে প্রত্যাশা হয়ে দাঁড়ায়। সামারের আর্থিক সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে আত্মীয়স্বজন। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় অধিকারের মনোভাব। পরিবারের সদস্যদের লোভ ও ঈর্ষা থেকে শুরু হয় নানা দ্বন্দ্ব। যে পরিবারকে আগলে রাখতে চেয়েছিল সামার, সেই পরিবারের সদস্যদের আচরণই তার জন্য সংকট তৈরি করে।
এমন পরিস্থিতিতে সামারের জীবনে আসে জোহা। চরিত্রটিতে অভিনয় করেছেন সুমাইয়া বখশ। স্বাধীনচেতা জোহা বিয়ের বিষয়ে কিছুটা সতর্ক। শুরুতে সামার ও জোহার মধ্যে সন্দেহ ও ভুল–বোঝাবুঝি থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
কিন্তু প্রেমের পথও সহজ হয় না। একদিকে পরিবারের প্রতি সামারের দায়িত্ব, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষা—দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে নানা সংকটে পড়তে হয় তাকে। পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের আত্মসম্মান ও ব্যক্তিগত সুখ কতটা বিসর্জন দিতে হবে, সেই প্রশ্নই উঠে আসে ধারাবাহিকটির গল্পে।
হানিমুনের দৃশ্য নিয়ে আলোচনাসাম্প্রতিক সময়ে ধারাবাহিকটির একটি হানিমুনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সামার ও জোহা একসঙ্গে সময় কাটাচ্ছেন। সকালে স্বামীর পাশে শুয়ে আদুরে ভঙ্গিতে তাঁকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছেন জোহা। দৃশ্যটি ধারণ করা হয়েছে পাকিস্তানের পাহাড়ি এলাকায়।
তবে দৃশ্যটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ সামার ও জোহার রোমান্টিক মুহূর্তকে স্বাভাবিকভাবে নিলেও অনেকে নির্মাতাদের সমালোচনা করেছেন। তাঁদের মতে, গল্পের প্রয়োজনে এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখানোর প্রয়োজন ছিল না।এ ঘটনা পাকিস্তানি ধারাবাহিকে রোমান্সের উপস্থাপন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। দর্শকদের একাংশ মনে করেন, প্রেমের গল্প তুলে ধরতে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন নেই। গল্প ও চরিত্রের আবেগের মধ্য দিয়েও রোমান্স ফুটিয়ে তোলা সম্ভব।
কারা আছেন অভিনয়েসামার চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন আশরাফ। জোহা চরিত্রে রয়েছেন সুমাইয়া বখশ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিদা মুমতাজ, ফাওয়াদ জালাল, মিজনা ওয়াকাস, আফরাজ রাসুল, নাতাশা আলী, মায়া নাজ, শাজিয়া গোহর ও রিজওয়ান আলী জাফরি।
ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন জারতাশা মাহমুদ। পরিচালনা করেছেন সৈয়দ ফয়সাল বুখারি। প্রযোজনা করেছে মাল্টিভার্স এন্টারটেইনমেন্ট। ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর গ্রিন এন্টারটেইনমেন্টে শুরু হয় ‘মাদার’–এর প্রচার। সপ্তাহে পাঁচ দিন প্রচারিত হচ্ছে এটি।ধারাবাহিকটির আবহসংগীত ‘তেরে ইশক মে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন আম্মার বেগ ও নোমাল রাও।
গ্রিন এন্টারটেইনমেন্ট অবলম্বনে





