জনগণের ঐক্যই সকল ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি : মোহাম্মদ সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মিরপুর পশ্চিম থানার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর পশ্চিম থানা আমীর আবদুল্লাহ মুয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে আবারও সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা করছে। দীর্ঘদিনের জুলুম, নির্যাতন, দমন-পীড়ন ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করার কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। যারা দেশের মানুষের অধিকার হরণ করেছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল, তাদের সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি আবার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার মাধ্যমে পতিত স্বৈরাচারের অপতৎপরতা মোকাবিলা করতে হবে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী যেন দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। জনগণের ঐক্যই সকল ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও রাজনৈতিক সহিংসতার কোনো স্থান এ দেশে থাকতে পারে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। পতিত স্বৈরাচারের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ, আইনসম্মত ও দৃঢ় অবস্থান গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া এবং থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে পতিত স্বৈরাচারের দোসরদের তাণ্ডব, সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়। এসব ঘটনা মোকাবিলায় সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান হচ্ছে না, বরং তাদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করছে। এতসব সহিংস ঘটনা ঘটলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ ও দৃশ্যমান তৎপরতা কোথায়, জনগণ আজ সেই প্রশ্নের উত্তর জানতে চায়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবিলম্বে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।