বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম নিখোঁজ
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় যাওয়ার কথা থাকলেও তিনি বাসায় পৌঁছাননি।
আদালতের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবারও আদালতের বিচারকার্যে অংশ নিয়েছেন সহকারি জেলা জজ শেখ ফারহান নাদীম। বিকেলে তিনি একটি রিকশাযোগে কোথাও রওনা হয়ে গেছেন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ আছে। মঙ্গলবার রাত থেকেই তার সন্ধানে নেমেছে স্বজনসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি দুপুরে নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস বলেন, সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর বাসায় চলে যান। কিন্তু তিনি রাত পর্যন্ত বাসায় না পৌঁছানোর কারণে আদালতের নাজিরসহ অন্যান্যরা খোঁজ নেওয়ার চেষ্টা করেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, বুধবার দুপুর পর্যন্ত তিনি আদালতে ও বাসায় পৌঁছাননি। অফিসের নাজির কামরুল ইসলামসহ অফিসের অন্য কর্মকর্তারা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘বরিশাল আদালতের একজন বিচারক নিখোঁজ হওয়ার বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।’
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম বিচারককে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কিছুটা বিলম্বিত হচ্ছে।’