ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সুগার মিলে বয়লারে আগুন, নতুন আশায় বুক বাঁধছেন আখচাষিরা


আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১৮:৫৪:১৭
ঠাকুরগাঁও সুগার মিলে বয়লারে আগুন, নতুন আশায় বুক বাঁধছেন আখচাষিরা ঠাকুরগাঁও সুগার মিলে বয়লারে আগুন, নতুন আশায় বুক বাঁধছেন আখচাষিরা
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঠাকুরগাঁও সুগার মিল লিমিটেডে বয়লারে আগুন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো চলতি মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম। বয়লারে আগুন দেওয়ার খবরে আখচাষি, শ্রমিক-কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। শনিবার সকালে মিল চত্বরে বয়লারে আগুন দেওয়া হয়। এ সময় মিলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, আখচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নির্ধারিত

লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ মাড়াইয়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মিলের যন্ত্রাংশ মেরামত, আখ সংগ্রহ ও পরিবহনসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। বয়লারে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই মিল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আখচাষিরা জানান, মিল চালু থাকলে তারা আখের ন্যায্যমূল্য পান। মিল বন্ধ থাকলে আখ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়তে হয়। এবার সময়মতো মিল চালু হওয়ায় তারা আশ্বস্ত। একজন আখচাষি বলেন, “সুগার মিল আমাদের জীবন। মিল চললে আমাদের সংসার চলে। এবার যেন মিলটি ভালোভাবে চলে, এটাই আমাদের প্রত্যাশা।” শ্রমিকরা জানান, মিল চালু হওয়ায় তাদের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মিলকে ঘিরে এলাকার ব্যবসা-বাণিজ্যও আবার চাঙা হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ঠাকুরগাঁও সুগার মিল এ অঞ্চলের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান। মিলটি চালু থাকলে সরাসরি ও পরোক্ষভাবে উপকৃত হন জেলার হাজার হাজার আখচাষি, শ্রমিক ও ব্যবসায়ী। সংশ্লিষ্টরা মনে করছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সময়মতো আখ সরবরাহ নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে মিলটি লাভের মুখ দেখবে এবং ঠাকুরগাঁওয়ের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ