শাকিবের ‘মহব্বত’ সিনেমার গল্পকার কুড়িগ্রামের আরএনএআর, এবার তাঁর ভুল ধরবেন কে?
শাকিবের ‘মহব্বত’ সিনেমার গল্পকার কুড়িগ্রামের আরএনএআর, এবার তাঁর ভুল ধরবেন কে?
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং ০৭:০১ পিএম. চলচ্চিত্রের ভুলত্রুটি নিয়ে নিয়মিত বিশ্লেষণ ও সমালোচনা করে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর মোঃ রাশেদুজ্জামান রাকিব, যিনি আরএনএআর (RnaR) নামে পরিচিত, এবার যুক্ত হয়েছেন শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর গল্প ও চিত্রনাট্য লেখার কাজে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আনুষ্ঠানিকভাবে তাঁর যুক্ত হওয়ার বিষয়টি জানায়।
এতদিন সিনেমার গল্প, অভিনয়, চিত্রনাট্য ও নির্মাণের নানা দিক বিশ্লেষণ করেছেন আরএনএআর। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরাসরি চলচ্চিত্রের গল্প লেখার দায়িত্ব নিয়েছেন তিনি। তাঁর এই নতুন যাত্রার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সিনেমার দর্শকদের একাংশ যেমন বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন, তেমনি সমালোচকের ভূমিকায় পরিচিত রাকিবের নিজের লেখা গল্প কেমন হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সাগর নামে একজন মন্তব্য করেছেন, ‘এইবার দেখার পালা রাকিবের ভুল কে ধরে।’ মোঃ শামীম মুন্না লিখেছেন, এতদিন অন্যদের ভুল ধরেছেন, এবার তাঁর নিজের কাজ কতটা ভালো হয়, সেটিই দেখার বিষয়। অন্য এক দর্শকের প্রশ্ন, ‘মহব্বত’ মুক্তির পর আরএনএআর কি নিজের সিনেমারও রিভিউ করবেন? তবে এসব প্রশ্নের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো উত্তর দেননি রাকিব।
‘মহব্বত’ পরিচালনা করছেন মোঃ হিমেল আশরাফ। সিনেমাটির প্রযোজক মোঃ আরশাদ আদনান, যিনি এর আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা প্রযোজনা করে আলোচনায় আসেন। প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ভারত বা পাকিস্তানের কোনো নতুন মুখকে নায়িকা হিসেবে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। এবার দর্শকদের অপেক্ষা, অন্যের সিনেমার খুঁটিনাটি বিশ্লেষণ করা আরএনএআর নিজের গল্পে কতটা সফল হন এবং তাঁর কাজ নিয়ে সমালোচকদের মূল্যায়ন কী দাঁড়ায়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স