মেসিকে বিদায় জানাতে জন্মস্থান রোজারিওতে নজরকাড়া শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক
এমন একটা দিন যে এত তাড়াতাড়ি চলে আসবে, সেটা হয়তো আর্জেন্টিনার ফুটবল ভক্তরা কল্পনাও করেনি। তবে অবশেষে সেই দিন চলেই এসেছে। গত আগস্টের শেষ দিনে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে তার পা মাঠে পড়বে বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর পাঁচটায়।
রোজারিওর হাওয়া–জল মেখে বড় হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি তুলে রাখার লগ্নে ঘরের ছেলেকে তাই শ্রদ্ধা জানিয়েছে এই শহর।
জানা যায়, মেসির এই বিদায়ী ম্যাচ ঘিরে পুরো দেশে চলছে সাজ সাজ রব। জমকালো বিদায় জানাতে কোমর বেঁধে নেমেছেন আর্জেন্টাইনরা। ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে লাখখানেক দর্শক উপস্থিত থাকবেন মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে। এর আগে তার জন্মশহরের ঐতিহাসিক মিলনস্থল ন্যাশনাল ফ্ল্যাগ মনুমেন্টে বিশেষ শ্রদ্ধাঞ্জলি দিলেন রোজারিওবাসী।
আর্জেন্টিনার অন্যতম স্থপতি ম্যানুয়েল বেলগ্রানোর মৃত্যুর ১৩৭ বছর পূর্তিতে ১৯৫৭ সালে বানানো হয় এই ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়াল।
সেই মেমোরিয়ালের বেদিতে রাখা হয়েছে মেসির বিশাল এক জার্সি। ৩০ মিটার দীর্ঘ এ জার্সি বানানো হয়েছে আগামীকালের ম্যাচে মেসি যে বিশেষ জার্সি পরবেন, তার অনুকরণে। জার্সি নম্বরের ওপরে অবশ্য মেসির নাম নেই। আইকনিক ১০ নম্বরের উপরে সোনালি রঙয়ের বিশাল অক্ষরে লেখা ‘গ্রাসিয়াস’, যা বাংলায় কৃতজ্ঞতা। আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে মেসির ২০৭ ম্যাচে ১২৫ গোল, ৬৮ অ্যাসিস্ট, বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের প্রতি এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেছে রোজারিওরবাসী।
আলবিসেলেস্তের সঙ্গে ক্যারিয়ারে সবকিছুই পেয়েছেন মেসি, দেশকেও এনে দিয়েছেন গৌরবের অধ্যায়। বিশাল অক্ষরে কৃতজ্ঞতা জানালেও তা কম হয়ে যায়। তবুও চেষ্টা করেছে রোজারিওবাসী।
এদিকে ম্যাচের আগে দিনটি স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজন থাকছে। ম্যাচ শুরুর আগে ও পরে একাধিক শিল্পী তাদের পারফরম্যান্স দেখাবেন। তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের স্মরণে একটি ফলক ও বিশেষ জার্সি দেওয়া হবে মেসিকে। স্টেডিয়ামের কয়েকটি স্ক্রিনে একটি আবেগঘন ভিডিও দেখানো হবে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্ল্যারিন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোরে এই জার্সি স্থাপন করা হয়। মূল পতাকাস্তম্ভ ও চত্বর শুরুর মাঝের অংশে শিল্পকর্মটি স্থাপন করা হয়। এই আয়োজনে চারটি আলোর স্তম্ভ রাখা হয়েছে, যেগুলোর মাধ্যমে জার্সির ওপর অডিওভিজ্যুয়াল ম্যাপিং বা ত্রিমাত্রিক আলো ফুটিয়ে তোলা হবে। সেখানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর ছবি ফুটিয়ে তোলা হবে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার উদ্যাপনের অংশ হিসেবে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। মেসির শেষ ম্যাচের আগে তাকে সম্মান জানাতে ‘থ্যাংক ইউ ১০’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আরও কিছু আয়োজন করেছে অ্যাডিডাস।
এদিকে আবেগে ঠাসা এই দিনের জন্য প্রস্তুত হতে ইতোমধ্যে শেষবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন সেরেছেন মেসি। তারপর একটি ছোট কিন্তু হৃদয় নাড়িয়ে দেওয়া বার্তা দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে। নিজের নামে গড়ে ওঠা অনুশীলন চত্বরে অনুশীলন সেশনের কয়েকটি ফটো পাশে রেখে তিনি লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো, যেগুলো আমি জানি আমি মিস করব।’