বিশেষ প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব


বাংলাদেশসহ ১৪টি দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। বাংলাদেশ সময় আজ বুধবার রাতে এই প্রস্তাব দেয় ইউএসটিআর।


এই প্রস্তাবের ফলে ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। তবে এর আগে প্রস্তাবের ওপর শুনানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। কবে নাগাদ শুল্ক আরোপ হবে, তা ইউএসটিআর বা মার্কিন প্রশাসন অবশ্য জানায়নি।


ইউএসটিআরের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় সিদ্ধান্ত নিয়েছেন যে উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে অথবা বাণিজ্যকে সীমিত করছে। ফলে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারার আওতায় এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।


যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ বিষয়ে তাদের সিদ্ধান্তের পক্ষে প্রতিটি দেশের জন্য আলাদা প্রতিবেদনও প্রকাশ করেছে।


বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। তবে এ মুহূর্তে মেক্সিকো ও নরওয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি।


গত মার্চ মাস থেকে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প খাত নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের একাধিকবার শুনানি করা হয়। তদন্ত শেষে গতকাল বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইউএসটিআর।


বর্তমানে বাংলাদেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন মোট শুল্ক দাঁড়িয়েছে ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক বসালে তা বিদ্যমান হারের সঙ্গে যোগ হবে।


বিশেষজ্ঞরা যা বলছেন


জানতে চাইলে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পরও ট্রাম্প প্রশাসন নানা অজুহাতে বাড়তি শুল্ক বসানোর উদ্যোগ নিয়েছে। এ ধরনের শুল্ক মুক্তবাজার অর্থনীতিবিরোধী। কারণ, একটি কারখানার মালিক তাঁর রপ্তানি চাহিদা অনুসারে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেন। আবার যখন চাহিদা কমে যায়, তখন ওই সক্ষমতা থেকে যায়।


মোস্তাফিজুর রহমান আরও বলেন, অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি এবং বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক। যদি আরোপও করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আমদানিকেরা তা বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দিতে চাইবেন।


নতুন করে শুল্ক আরোপ হলে বাংলাদেশের শিল্প খাত চাপে পড়বে বলে মনে করেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি আমিরুল হক। তিনি বলেন, ‘এমনিতেই সিমেন্ট শিল্পের ওপর শুল্ক–কর বেশি। এখন যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক আরোপ হলে তা এই শিল্পের ওপর চাপ বাড়াবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে ভুল–বোঝাবুঝি হতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র আমাদের জন্য নতুন অর্থায়নের পথ খুলছে, অন্যদিকে বাড়তি শুল্ক আরোপ করছে।’


কেন তদন্ত করেছে


গত মার্চ মাস থেকে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে যে বিষয়টি খতিয়ে দেখা হয়, তা হলো সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ বা উৎপাদনকাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না এবং সে কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প হিসেবে এই নতুন শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে।


নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্কের প্রস্তাব নিয়ে কংগ্রেসেও বিরোধ তৈরি হতে পারে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন। শুল্কের খবরে শেয়ারবাজারেও উদ্বেগ দেখা দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিনিয়োগকারীদের আশা কমে যাওয়ায় গতকাল বাজার খোলার আগে শেয়ারের দাম কমার আভাস ছিল।


নিউইয়র্ক টাইমস–এর ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বলেছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্ক আরোপ করা হবে। এই আইনে যুক্তরাষ্ট্র অন্য দেশের বাণিজ্যনীতি নিয়ে তদন্ত করতে পারে। অন্যায্য কিছু পেলে পাল্টা শুল্কও বসাতে পারে। অতীতে দুই দলের প্রেসিডেন্টরা এই আইন ব্যবহার করেছেন। ট্রাম্পও আগে এটি ব্যবহার করেছেন।