স্পোর্টস ডেস্ক
ফুটবল ইতিহাসের দুই মহাতারকাকে একই জার্সিতে দেখার কল্পনা বহু সমর্থকের। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজও। নিজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একসঙ্গে খেলানোর ইচ্ছার কথা আগে জানিয়েছিলেন তিনি। তবে ম্যাচ ঘিরে সাম্প্রতিক ঘোষণায় মেসির অংশগ্রহণ নিশ্চিত হলেও রোনালদোর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী ম্যাচ। ২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান ৪২ বছর বয়সি এই আর্জেন্টাইন। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস ও শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে খেলেছেন তিনি। জাতীয় দলেও ছিলেন আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ মুখ।
মেসির অংশগ্রহণের বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়ে আয়োজকরা লিখেছে, ‘অ্যাপাচের শেষ নাচে বিশ্বের সেরা খেলোয়াড়কে স্বাগত জানানো সত্যিই সম্মানের।’ তেভেজের ডাক পেয়ে মেসির উপস্থিতি নিশ্চিত হওয়ায় ম্যাচটির আকর্ষণ বেড়েছে। তবে রোনালদো খেলবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ম্যাচে মেসি ছাড়াও রিও ফার্ডিনান্ড, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও মার্টিন পালার্মোর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মেসি-রোনালদো শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ২০২০ সালে। এবার তাদের একই মাঠে ফের দেখা যাওয়ার সম্ভাবনাই সমর্থকদের আগ্রহ বাড়াচ্ছে। দুই কিংবদন্তিকে একসঙ্গে পাওয়া গেলে বিদায়ী আয়োজনটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে উঠবে, যদিও সেই সম্ভাবনার নিশ্চয়তা এখনো নেই।






