নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশি নাগরিকদের প্রার্থীদের আরবি ভাষায় দক্ষ করে গড়তে ইসলামিক ফাউন্ডেশন একটি কোর্স করাচ্ছে। ৩ মাস মেয়াদি ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’ (সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিক)-এর ৩য় ব্যাচে ভর্তিতে আবেদন শুরু হয়েছে।


ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীনে আরবি ভাষা ইনস্টিটিউটে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ কোর্স পরিচালিত হবে। নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা।


আবেদনে যোগ্যতা—


আবেদনকারীকে ন্যূনতম এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।


প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্সের ফি ৫ হাজার টাকা। কোর্স শুরুর আগেই সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ হিসাব নম্বরে এই ফি জমা দিতে হবে।


ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদ, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।


৩ মাস মেয়াদি এই কোর্সে সপ্তাহে তিন দিন (রবি, সোম ও বুধবার) ক্লাস চলবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ক্লাস (সময় পরিবর্তনযোগ্য)। প্রতিদিন ২টি করে মাসে ২৪টি ক্লাস হিসেবে পুরো কোর্সে পরীক্ষাসহ মোট ৭৬টি ক্লাস অনুষ্ঠিত হবে, যার প্রতিটির ব্যাপ্তি হবে ১ ঘণ্টা। বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে এসব ক্লাস নেওয়া হবে। কোর্স শেষে সফল শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।


*বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন