নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বিগত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের জীবনমানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের জীবনমানের উন্নয়ন ও পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর সমুদ্র উপকূল এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 'স্বপ্নিল মডেল একাডেমি'র খুদে শিক্ষার্থীদের নিয়ে স্কুল ফিডিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলেপল্লির শিক্ষার্থীদের হাতে দুধ, ডিম ও চকলেট তুলে দেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। বক্তব্য দেন স্বপ্নিল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্বপ্নিল মডেল অ্যাকাডেমির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।


শনিবার সকালে দুধ, ডিম ও চকলেট নিয়ে জেলেপল্লির শিশুদের কাছে হাজির হন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় জেলে পরিবারের শিশুদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, এই শিশুরাই একদিন জেলে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে—এটাই আমাদের প্রত্যাশা। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে জেলে সম্প্রদায় ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। এতে তাদের দীর্ঘদিনের পেশাগত ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে। এ জন্য জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।


তিনি আরও বলেন, আমাদের এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন নিজের জীবনের পরিবর্তন ঘটাবে, এলাকার মানুষের জীবনের পরিবর্তন ঘটাবে এবং দেশের পরিবর্তন ঘটাবে।


এ সময় তিনি শিশুদের পুষ্টির পাশাপাশি তাদের শিক্ষা, খেলাধুলা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেন। শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়াসামগ্রী প্রদানের পাশাপাশি মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করারও ঘোষণা দেন জেলা প্রশাসক। মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো সরকারি কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব বলে এ সময় মন্তব্য করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।