গাজীপুর মহানগর প্রতিনিধি
দীর্ঘদিনের শ্রমিক আন্দোলন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার উত্তাপ কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প এলাকা গাজীপুরে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের পর শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা। বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেয়া হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে ফিরে আসছে উৎপাদন ও কর্মচাঞ্চল্য। তবে চলমান আন্দোলনে ক্রয়াদেশ প্রত্যাহার হওয়ায় কিছু বন্ধ কারখানা চালুর ব্যাপারে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার, টঙ্গীর সাতাইশ, গাজীপুরা, সদর উপজেলার বাংলা বাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
সকাল পৌনে ১১টা পর্যন্ত জেলার কোথাও নতুন করে আন্দোলন, বিক্ষোভ, সড়ক অবরোধ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও অব্যাহত রয়েছে।
‘নতুন মজুরিতে আমরা খুশি’টঙ্গীর ভিয়ালাটেক্স কারখানার শ্রমিক বাবুল, খসরু মিয়া ও ফাতেমা আক্তার বলেন, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আনন্দের সাথে কাজ করব।
পোশাকশ্রমিক স্বপ্না ও বৃষ্টি আক্তার বলেন, আগে যে বেতন পেতাম, তা দিয়ে মাসের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া বেশি, বাজারে জিনিসপত্রের দামও বেশি। এখন নতুন মজুরিতে আমরা কিছুটা স্বস্তি পাব বলে আশা করছি। শ্রমিকদের এই প্রত্যাবর্তনকে শিল্পাঞ্চলের স্থিতিশীলতার ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন কারখানা সংশ্লিষ্টরা।
উৎপাদন সচল হওয়ায় স্বস্তি কারখানা মালিকদেরকালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, ‘শ্রমিকরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সাথে কারখানায় যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরে এসেছে। সরকারের নির্ধারিত মজুরিতে শ্রমিকরা সন্তুষ্ট।’
তিনি বলেন, ‘কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকরা—দুই পক্ষই ভালো থাকব। দেশের পোশাকশিল্পও এগিয়ে যাবে।’
প্রায় এক মাস ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। এ সময় বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হয়, কোথাও ছুটি ঘোষণা করা হয়, আবার কোথাও শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিল্পাঞ্চলের বিপুলসংখ্যক কারখানায় উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়ায় শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতাগাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘আশা করি আজ থেকে শ্রমিকরা আর আন্দোলনে আসবেন না, তারা কাজে মনোনিবেশ করবেন। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আজও বাংলাবাজার এলাকায় দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে গড়িমসি করছে। এছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
অন্যদিকে এসব পোস্টের বিপরীতে অনেক ব্যবহারকারী শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ শিল্প ও কর্মসংস্থান রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন।
শিল্প রক্ষায় স্থিতিশীলতার প্রত্যাশাশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, কারখানার উৎপাদন এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নেয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হওয়ার পাশাপাশি কারখানায় নিয়মিত উৎপাদন বজায় থাকলে কর্মসংস্থান ও দেশের রফতানি খাত উপকৃত হবে।
দীর্ঘদিনের অস্থিরতার পর শনিবার সকালে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে ফেরার দৃশ্য গাজীপুরের শিল্পাঞ্চলে নতুন আশার সঞ্চার করেছে। এখন এই স্বস্তি স্থায়ী করতে শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা, দায়িত্বশীল আচরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন জরুরি।





