নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।


​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং তথ্য সংগ্রহকারী সুপারভাইজার মিজানুর রহমান স্বপন।


​বক্তারা তাদের বক্তব্যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা স্পষ্ট করেন যে, প্রকৃত উপকারভোগীরাই যেন এই সুবিধা পান, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। দলীয় পরিচয় বা প্রভাব খাটিয়ে কেউ যদি এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অপব্যবহার করার চেষ্টা করে, তবে সাংগঠনিকভাবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।


​এ সময় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কারও হতাশ হওয়ার কিছু নেই। যোগ্য ও প্রকৃত উপকারভোগীদের জন্য ফ্যামিলি কার্ড শতভাগ নিশ্চিত করা হবে, তবে তা ধাপে ধাপে বা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা। উদ্বোধন শেষে নির্ধারিত ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা।