নিজস্ব প্রতিবেদক
সুস্থ, কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে দেশের সর্বস্তরে খেলাধুলা ও শরীরচর্চার প্রসার এবং এলাকাভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবগুলো পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার ক্রীড়া ভবন মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মিস্টার বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফেডারেশনের সভাপতি মো. হাবিবুল্লাহ ডনের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পুরুষদের ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮৫ কেজি ওজনের পাঁচটি বিভাগে শরীরগঠনবিদরা অংশ নেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নে প্রতিটি বিভাগে একজন করে ‘মিস্টার বাংলাদেশ’ নির্বাচিত হন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শরীরচর্চা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, ব্যক্তিজীবনে শৃঙ্খলা, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তাও তৈরি করে। ছাত্রজীবনে তিনি ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ ডনের সঙ্গে নিয়মিত জিমে শরীরচর্চা করতেন বলেও স্মৃতিচারণ করেন।
তিনি বডিবিল্ডিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নারী-পুরুষের জন্য সমান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একসময় শহর ও গ্রামের পাড়া-মহল্লায় সক্রিয় ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবগুলো শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখত। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্লাবগুলো পুনরুজ্জীবিত করা প্রয়োজন।
জনস্বাস্থ্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন ও স্থূলতা বাড়ছে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগসহ অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে পারে। পাশাপাশি বিষণ্নতা, মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা ও মাদকাসক্তি থেকে তরুণদের দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, শিক্ষার লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ থাকা প্রয়োজন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে খেলাধুলা ও শরীরচর্চার প্রসার সামঞ্জস্যপূর্ণ। রোগ প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা এবং তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে এর গুরুত্ব রয়েছে।
তিনি নিরাপদ ও বিজ্ঞানসম্মত শরীরচর্চা, সুষম পুষ্টি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন। বডিবিল্ডিংকে জনপ্রিয় করা, নারী-পুরুষের অংশগ্রহণ বাড়ানো এবং নতুন প্রজন্মকে শরীরচর্চায় উৎসাহিত করতে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।






