শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান
ছবি: ভিডিও থেকে নেওয়া
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘উনি (শেখ হাসিনা) আসবেন না, কোনো সম্ভাবনাই নেই। কিন্তু উনি ও ওনার দল (আওয়ামী লীগ) বাংলাদেশে কী পরিমাণ ডিজাস্টার চালিয়ে গেছে, জুলাই স্মৃতি জাদুঘরের এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে সেই স্মৃতিকে আমরা সজীব, সতেজ রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে—গায়ের জোরে কিছু না, জনগণ যাতে রিজেক্ট করে। আমরা এ ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রত্যেক শহীদ পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। কোনো পরিবারে সন্তান একমাত্র হোক বা অন্য সন্তানদের মধ্যে একজন—সন্তান হারানোর কষ্টের কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেক শহীদকে সমানভাবে দেখতে চায়।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ব্যবহার্য জিনিসপত্র ও স্মারক সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। জাদুঘরের মহাপরিচালকের কাছ থেকে তিনি জেনেছেন, ইতোমধ্যে ১ হাজার ৮০০টি স্মারক সংগ্রহ করা হয়েছে। আরও যেসব স্মারক পাওয়া সম্ভব, সেগুলো সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, জাদুঘরে এ জন্য সর্বোচ্চ দুটি নির্দিষ্ট কক্ষ রাখার পরিকল্পনা রয়েছে। সেখানে ১৫ দিন বা এক মাস পরপর বিভিন্ন শহীদের স্মারক প্রদর্শন করা হবে। পর্যায়ক্রমে সব শহীদের স্মারক প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে প্রত্যেকের স্মৃতিচিহ্নই দর্শনার্থীদের সামনে তুলে ধরা যায়। জাদুঘরের পরিসর বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।






