নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে আট দফা নীতি সুপারিশ

রাজনীতি, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে আট দফা নীতি সুপারিশ প্রস্তাব করা হয়েছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপদ অভিযোগ ব্যবস্থা গড়ে তোলা, নির্বাচনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং নারীর অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ।


বৃহস্পতিবার রাজধানীর বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ডে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘শি স্পিকস’ জাতীয় সমন্বিত পলিসি ক্যাফেতে এসব সুপারিশ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে প্রস্তাবিত নীতিগত সুপারিশগুলো যাচাই ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে এ গোলটেবিল আয়োজন করা হয়।


‘SheSpeaks: Empowering Voices, Shaping Policy’ জাগো ফাউন্ডেশন ট্রাস্টের একটি উদ্যোগ। নির্বাচন, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের মতামত ও অগ্রাধিকার তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য।


উদ্যোগটির আওতায় দেশের ৩০০টি নির্বাচনী এলাকা থেকে ৫ হাজার ৭১৯ জন নারীর মতামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আটটি বিভাগে আয়োজন করা হয়েছে পলিসি ক্যাফে। এসব কার্যক্রম থেকে পাওয়া অভিজ্ঞতা, মতামত ও গবেষণার ভিত্তিতে নারীর অধিকার, নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারে নীতিগত সুপারিশ তৈরি এবং জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


জরিপের ফলাফল, বিভাগীয় পলিসি ক্যাফের আলোচনা এবং স্বাধীন নীতি বিশ্লেষণের ভিত্তিতে আটটি সুপারিশ সামনে আনা হয়েছে। এগুলো হলো রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহণ বাড়ানো, নিরাপদ অভিযোগ ব্যবস্থা নিশ্চিত করা, নারীবান্ধব নির্বাচনী পরিবেশ তৈরি, নারীর নেতৃত্ব নিয়ে ক্ষতিকর সামাজিক ধারণা পরিবর্তন, অনলাইন হয়রানি মোকাবিলা, অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নারীর অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং আইনের যথাযথ প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা।


আলোচনায় বক্তারা বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে শুধু আইন ও নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, হয়রানির বিরুদ্ধে কার্যকর অভিযোগ ব্যবস্থা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।


প্রকল্প পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে শুধু আইন ও নীতি নয়, সমাজের ক্ষতিকর ধারণাগুলোরও পরিবর্তন প্রয়োজন। নারীর নেতৃত্বকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


উন্নয়নকর্মী রাজভী হাসান বলেন, নারীর জন্য নিরাপদ ও সহজ অভিযোগ ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা জরুরি। কোনো নারী হয়রানি বা অন্যায়ের শিকার হলে তিনি যেন ভয় ছাড়াই অভিযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সোশ্যাল সায়েন্স রিসার্চার সংযুক্তা দাস বলেন, অনলাইন হয়রানি নারীদের অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ ও সহজ অভিযোগের ব্যবস্থা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।


উদ্যোগটির গবেষণা সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স (বিসিআইপিএ)।


আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, গোলটেবিলের আলোচনায় উঠে আসা বিষয়গুলো প্রকল্পের চূড়ান্ত নীতি বিশ্লেষণ প্রতিবেদনে যুক্ত করা হবে। পাশাপাশি নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ এবং নীতিগত সুপারিশ বাস্তবায়নের উদ্যোগে এসব আলোচনা কাজে লাগানো হবে।