জেন্সির আদিবাসী গহনা

রীতিশা চাকমা জেন্সি


| প্রিন্ট সংস্করণ


পড়াশোনা শেষে একটা ভালো চাকরি, বেশির ভাগ শিক্ষার্থীর চাওয়া এটুকুই। কেউ সরকারি চাকরির দীর্ঘ লাইনে দাঁড়ান। কেউ নিজের মেধা, শ্রম আর সৃজনশীলতা দিয়ে আলাদা রাস্তা তৈরি করেন। রাঙামাটির রীতিশা চাকমা জেন্সি দ্বিতীয় দলের মানুষ। মাত্র ৫০০ টাকার এক জোড়া কানের দুল দিয়ে যে উদ্যোগের শুরু–সেই ‘বক্স অব অর্নামেন্টস’ আজ তাঁর পরিচয়, তাঁর আয়ের উৎস। তাঁর সঙ্গে এখন কাজ করছেন ১০ থেকে ১২ জন নারী। এ কাজ তাদের জন্যও খুলে দিয়েছে স্বাবলম্বী হওয়ার পথ।


যাত্রা শুরু ২০১৭ সালে। জেন্সি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়েন। খেয়াল করলেন, পাহাড়ের ঐতিহ্যবাহী অলংকার নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগ প্রায় চোখেই পড়ে না। আগের প্রজন্মের নারীরা যে গহনা পরতেন, তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল নতুন প্রজন্মের চোখ থেকে। সেই শূন্যতা থেকেই শুরু হলো খোঁজ। পার্বত্য চট্টগ্রাম ও সমতলের অলংকার নিয়ে গবেষণা করলেন তিনি। জানতে চাইলেন, মা-দাদিরা কী গহনা পরতেন, নকশা কেমন ছিল, কীভাবে তৈরি হতো। জেন্সির কাছে তাই গহনা বানানো কেবল ব্যবসা নয়, নিজের শিকড় চেনার একটা উপায়ও।


চাকমা জনগোষ্ঠীর ‘আলছড়া’ ও ‘হুজিও’র মতো ঐতিহ্যবাহী অলংকারকে তিনি সিলভার প্লেটিংয়ে নতুন রূপ দিয়েছেন। এ জন্য কারিগরদের সঙ্গে চলেছে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা। পুরোনো নকশা হুবহু ফেরানো তাঁর লক্ষ্য নয়। মূল চরিত্র অটুট রেখে তাকে এ সময়ের উপযোগী করাই তাঁর কাজ। পাহাড়-সমতলের ঐতিহ্য, প্রকৃতির নানা অনুষঙ্গ আর বিয়ের সাজ থেকে আসে তাঁর নকশার প্রেরণা।


উদ্যোগের সবচেয়ে বড় স্বাতন্ত্র্য এসেছে ২০১৮ সালে। ধাতব গহনার সঙ্গে তিনি জুড়ে দেন কোমর তাঁতে বোনা ‘রেন সিল্ক’। পাহাড়ে কোমর তাঁত মূলত নারীর হাতের শিল্প, প্রজন্ম থেকে প্রজন্মে মেয়েদের হাত ধরেই টিকে আছে এর বুনন। সেই বুননকে গহনায় তুলে আনায় অলংকারে যুক্ত হলো ঐতিহ্যের ছাপ, সঙ্গে আধুনিক নকশার আবেদন। দেশি-বিদেশি ক্রেতারা সাড়া দিলেন। ২০২১ সালে উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে দুবার পুরস্কৃত হন জেন্সি।


নামটাও বেছেছেন সহজ করে, এক বন্ধুর পরামর্শে। শুনলেই যেন বোঝা যায়, প্রতিষ্ঠানটি গহনা নিয়ে কাজ করে। তাঁর দর্শনও স্পষ্ট– পরিমাণ নয়, মান। তিনি মনে করেন, নকশায় নতুনত্ব না এলে ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে না। বিয়ে ও নানা সামাজিক অনুষ্ঠানে তরুণীরা এখন ঐতিহ্যবাহী গহনায় সাজতে আগ্রহী, এটা তাঁকে আশা দেয়।


দুই বোনের মধ্যে বড় জেন্সি। মা-বাবা দুজনই সরকারি কর্মকর্তা। পরিবারে ব্যবসার কোনো চল ছিল না। ছোটবেলা কেটেছে নাচ, গান আর নানা সৃজনশীল কাজে। গহনার প্রতি টান থেকেই একসময় সেটিকে পেশা করে নেন। তবে পথটা মসৃণ ছিল না। প্রথম কেনা কানের দুল জোড়া বিক্রি করতেই লেগেছিল দেড় বছর। জেন্সি বলেন, ‘যাদের কাছ থেকে গহনা সংগ্রহ করতাম, তারাই ছবি তুলে পেজে দিতে উৎসাহ দিয়েছিলেন। বিক্রির পর টাকা শোধের সুযোগও দিয়েছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’


ভালো কারিগর খুঁজে পাওয়া ছিল আরেক লড়াই। মাঠে ঘুরে খোঁজ নিতে হয়েছে, কে দক্ষ, কে সময়মতো কাজ দেন। চাঁদনী চকের কারিগরদের দিয়ে শুরু, পরে নিজস্ব কারিগর পেয়ে নিজের নকশা অনুযায়ী কাজের সুযোগ বাড়ে। প্রথম প্রদর্শনীতে সাড়া মিলেছিল প্রত্যাশার চেয়ে বেশি, কিন্তু হাতে পুঁজি ছিল না। পরিবার, বন্ধু আর বাবার সহায়তায় এগিয়েছেন। প্রায় ৯ বছরের পথে ভুল সিদ্ধান্ত, লোকসান, অনিশ্চয়তা–সবই দেখেছেন। কভিডে বন্ধ হয়ে যায় তাঁর স্টোর। তবু থামেননি। চীনের এক এশিয়ান এক্সপোতে একাই গেছেন ৫০ কেজি লাগেজ নিয়ে। প্রথম দিন একটি পণ্যও বিক্রি হয়নি। শেষ দিন হোটেলের লবিতে বসে অনলাইনে যোগাযোগ করে তিনজন বিদেশি ক্রেতার কাছে পণ্য বিক্রি করেন।


নতুন নারী উদ্যোক্তাদের জন্য জেন্সির কথা সোজা। অনলাইনে শুরু করা আর শেখার সুযোগ এখন অনেক। কিন্তু শুরু করলেই হবে না। মান, স্বাতন্ত্র্য আর নকশায় মন দিতে হবে। পড়তে হবে, খুঁজতে হবে, নতুন করে ভাবতে হবে। নিজের শিকড় চিনলে তবেই নিজের পথ তৈরি হয়, জেন্সির গহনা সে কথাই বলে।