উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি (জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন।
শুক্রবার সকালবেলা উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।




