মাহমুদ আশিক
আজ ২৯ নভেম্বর, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। দেশটির জনগণের অধিকারের প্রতি সমর্থন জানাতে প্রতি বছর এ দিবস পালিত হয়ে আসছে। এবার দিনটি এসেছে এমন সময়ে, যখন গাজায় ২০২৫-এর অক্টোবরে যুদ্ধবিরতি বহাল থাকলেও চলছে প্রাণহানি, উচ্ছেদ ও ত্রাণসংকট। তাঁবুতে দিন কাটছে ১৪ লাখ ফিলিস্তিনির। যুদ্ধবিরতির পরও হামলায় হত্যার শিকার হয়েছেন ১,৭০৫ এবং আহত হয়েছেন ৬,১৬৩ ফিলিস্তিনি। ২০২৩-এর অক্টোবরের পর থেকে সর্বমোট নিহত ৭৪ হাজার ৭৭২, আহত ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।
১৯৪৭ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে একটি আরব ও একটি ইহুদি—দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব নেয়। জাতিসংঘের ১৮১ নম্বর প্রস্তাবের (বিভাজন পরিকল্পনা) মধ্য দিয়ে ফিলিস্তিন সংকটের আনুষ্ঠানিক সূত্রপাত হয়। এর পরের বছরই ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার সঙ্গে সঙ্গে হাগানাহ, ইরগুন ও স্টার্ন গ্যাং একীভূত হয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরিত হয়। এরপর লাখ লাখ ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে জোরপূর্বক বিতাড়িত করে এই বাহিনী ও ইসরাইলি সন্ত্রাসীরা। যাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ অর্থাৎ মহাদুর্যোগ হিসেবে স্মরণ করে।
পরে ১৯৬৭ সালের জুন মাসের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমও ইসরাইলি দখলে চলে যায়। এর এক দশক পর ১৯৭৭ সালে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ২৯ নভেম্বরকে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ ঘোষণা করা হয়। দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ২০১২ সালে ফিলিস্তিন প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। কিন্তু এ মর্যাদা লাভ করলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। বরং ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নতুন করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে ইসরাইলি বাহিনী।
এ ধ্বংসযজ্ঞকে রাষ্ট্রটি ‘যুদ্ধ’ বললেও মূলত তারা কোনো যুদ্ধের নিয়ম বা ন্যূনতম মানবাধিকার রক্ষা না করেই ভয়াবহ ও নৃশংস হত্যাযজ্ঞ চালায়, যা টানা দুবছর চলার পর ২০২৫ সালের ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। নামে ‘যুদ্ধ বিরতি’ চললেও প্রাণহানি, উচ্ছেদ ও ত্রাণসংকট কাটেনি গাজায়। গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিয়ন্ত্রণও ইসরাইল সরকার ও সামরিক বাহিনীর হাতে থাকে। ইসরাইলি বাহিনীর অনুমতি ছাড়া গাজায় ত্রাণবাহী কোনো যানই ঢুকতে পারছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত ২৭ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শাহাদতবরণ করা ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ৭৭২ ও আহত এক লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যুদ্ধবিরতির পর থেকে ১,৭০৫ জন নিহত ও ৬,১৬৩ জন আহত হয়েছেন। এ হিসাব শুধু হাসপাতালে নিহত হওয়া ফিলিস্তিনিদের।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৬০০ ত্রাণকর্মী গাজায় নিহত হয়েছেন। তাদের ১৩ জন যুদ্ধবিরতি ঘোষণার পর নিহত হন। সবশেষ চলতি মাসের ২৩ তারিখে ইউএনআরডব্লিউএর এক কর্মী নিহত হয়েছেন।
ওসিএইচএর তথ্য অন্যযায়ী গাজার ২১ লাখ অধিবাসীর প্রায় সবাই বাস্তুচ্যুত। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ, অর্থাৎ ১৪ লাখ মানুষ তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে থাকছেন।
এদিকে ভারী বৃষ্টিতে আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ৮ নভেম্বরের মধ্যে ২৬ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয়ের জন্য সহায়তা চেয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ নভেম্বর মেনিনজাইটিস নিয়ে মহামারি সতর্কতা জারি করেছে। তাদের হিসাবে চলতি বছরের শুরু থেকে ১৫ জন এ রোগে মারা গেছেন।
জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ সমন্বয়কের কার্যালয় (ইউএনএসসিও) ২০২৬-এর সেপ্টেম্বরের প্রতিবেদনে ১৬১ দেশকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিদাতা হিসেবে উল্লেখ করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
এদিকে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থেকে ফিলিস্তিনি পতাকা হাতে রাজপথে নেমে আন্দোলন করে যাচ্ছে বিশ্বের মানুষ। পৃথিবীর প্রতিটি দেশেই ফিলিস্তিনিদের প্রতি মানুষের এ সমর্থন প্রতিদিনই বাড়ছে।
ইসরাইলি প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের জনগণও রাস্তায় নেমে আসছে মানবতাবিরোধী অপরাধী ইজরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির নাগরিকরাও রাস্তায় নেমে আসেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজায় ছয় জিম্মির লাশ উদ্ধারের পর দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়ন হিস্টাড্রুট সাধারণ ধর্মঘটের ডাক দেয়। পরে ২০২৫ সালের আগস্টে গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিব, জেরুসালেম ও হাইফাসহ ১৪০টিরও বেশি স্থানে লাখো মানুষ বিক্ষোভ করেন এবং দেশব্যাপী ধর্মঘট পালন করা হয়। এরপর ইসরাইলি গণহত্যাকারীরা যুদ্ধবিরতি ঘোষণা করলেও এখনো প্রতিদিনই গাজায় হত্যাকাণ্ড চালিয়ে আসছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ২৪ নভেম্বরের বিশেষ সভায় বলেছেন, ফিলিস্তিনিদের মর্যাদা, ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি অর্জন করা সম্ভব নয়। তার বার্তা পড়ে শোনান উপমহাসচিব আমিনা মোহাম্মদ।
জাতিসংঘের জেনেভা কার্যালয়ে স্মরণ অনুষ্ঠান হবে ৩০ নভেম্বর স্থানীয় সময় সকাল ১১টায়। ইউনেস্কো ও ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধিদল প্যারিসে ২৭ নভেম্বর দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল।
চলতি বছরের ২ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তাদের ন্যায্য অধিকার এবং একটি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের কথা জানিয়েছিল।
বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। এমনকি বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত রয়েছে।






