বাণিজ্য ডেস্ক
বিশ্বের বড় বড় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে টেলিভিশনে (টিভি) বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের কাছে নিজেদের পণ্যের প্রচার চালিয়ে আসছে। এ জন্য তারা নামীদামি তারকাদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করত। সেই জায়গার অনেকটাই এখন দখল করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখগুলো, যাঁদের বলা হয় ইনফ্লুয়েন্সার।
বিজ্ঞাপন জগতে এই পরিবর্তনের বড় উদাহরণ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ এফএমসিজি তথা দৈনন্দিন ব্যবহার্য ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার। পণ্যের প্রচারে প্রতিষ্ঠানটি এখন বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি কনটেন্ট নির্মাতার সঙ্গে কাজ করছে। অন্যদিকে কমিয়ে আনছে টিভি বিজ্ঞাপনের পেছনে ব্যয়।
ডাভ, ভ্যাসলিন ও হেলম্যানসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক ইউনিলিভার চলতি বছর যুক্তরাজ্যে টেলিভিশন বিজ্ঞাপনের ব্যয় অর্ধেকের বেশি কমিয়েছে। এতে দেশটির কয়েকটি বড় টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন আয় উল্লেখযোগ্য হারে কমেছে। কারণ, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে টেলিভিশনে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া তিন প্রতিষ্ঠানের একটি ছিল ইউনিলিভার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইউনিলিভারের বিপণন কৌশলে এই পরিবর্তন অবশ্য রাতারাতি আসেনি। গত বছরের মার্চে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নেওয়ার পর ফার্নান্দো ফার্নান্দেজ পণ্যের প্রচারে ইনফ্লুয়েন্সারদের ব্যবহার ২০ গুণ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
২০২৪ সালে বিশ্বজুড়ে ইউনিলিভারের সঙ্গে যুক্ত কনটেন্ট নির্মাতার সংখ্যা ছিল ৭৫ হাজার। চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেই সংখ্যা এখন পাঁচ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ দুই বছরে ইউনিলিভারের কনটেন্ট নির্মাতাদের নেটওয়ার্ক প্রায় সাত গুণ বড় হয়েছে।
বিশ্বজুড়ে পণ্যের বিপণনে ইউনিলিভার প্রতিবছর ৮০০ কোটি ইউরোর বেশি ব্যয় করে। বর্তমানে প্রতিষ্ঠানটির বিপণন বাজেটের প্রায় ৭০ শতাংশ ব্যয় হচ্ছে ডিজিটাল মাধ্যমে। এই বাজেটের অর্ধেক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয়ের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
পণ্যের প্রচারে ইনফ্লুয়েন্সারদের কাজে লাগিয়ে কী লাভ হচ্ছে ইউনিলিভারের? প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা লিয়েন্দ্রো বারেতো জানান, টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইনের প্রচলিত বিজ্ঞাপনের তুলনায় কনটেন্ট নির্মাতাদের মাধ্যমে পণ্যের প্রচারে বিনিয়োগ করে দেড় গুণ সুফল পাচ্ছে ইউনিলিভার।
শুধু পণ্যের প্রচার নয়, নতুন পণ্য তৈরিতেও ইনফ্লুয়েন্সারদের ধারণা কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি। যেমন সৌন্দর্যচর্চাবিষয়ক কনটেন্ট নির্মাতা জেন চের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ভ্যাসলিনের একটি পণ্য তৈরি করেছে ইউনিলিভার। এ ছাড়া কাপড়ের যত্নে ব্যবহৃত পণ্যের ব্র্যান্ড কমফোর্টের প্রচারে ব্রিটিশ ইনফ্লুয়েন্সার মলি-মে হেগের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি। ফুটবল বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আয়োজন ঘিরেও এখন বিপুলসংখ্যক কনটেন্ট নির্মাতাকে কাজে লাগাচ্ছে ইউনিলিভার।
ইনফ্লুয়েন্সারদের কাজে লাগানোর পাশাপাশি পণ্যের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন প্রযুক্তির ব্যবহারও বাড়িয়েছে ইউনিলিভার। এতে একদিকে যেমন বিপুলসংখ্যক কনটেন্ট তৈরি করা সম্ভব হচ্ছে, অন্যদিকে কমছে খরচ।
ইউনিলিভারের তথ্য অনুযায়ী, প্রযুক্তি ব্যবহারে ২০২৪ সালের তুলনায় এখন ১২ গুণ বেশি কনটেন্ট তৈরি করতে পারছে তারা। একই সময়ে কনটেন্ট তৈরির খরচ কমেছে ৯০ শতাংশ।
ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্যের প্রচার বাড়ানোর প্রবণতা শুধু ইউনিলিভারের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা ডেন্টসু ক্রিয়েটিভের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী জেসিকা ট্যামসেজের মতে, বিভিন্ন খাতের ব্র্যান্ডগুলো এখন ইনফ্লুয়েন্সারদের দিয়ে পণ্যের প্রচারে ব্যয় বাড়াচ্ছে। এ ধরনের বিপণন থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাচ্ছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে চালানো প্রচার কার্যক্রম আরও সুনির্দিষ্ট করা এবং এর ফলাফল পরিমাপ করা সহজ হচ্ছে।
ইউনিলিভারের বিপণন কৌশলে পরিবর্তনের প্রভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছে যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলগুলো। ২০২৩ সালে সে দেশে টিভি বিজ্ঞাপনে ইউনিলিভার প্রায় ১২ কোটি ২০ লাখ পাউন্ড ব্যয় করেছিল। গত বছর এই ব্যয় কমে হয় ৯ কোটি ২০ লাখ পাউন্ডে। চলতি বছর তা আরও কমেছে।
আনুপাতিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল ফোর। চলতি বছর এই চ্যানেলে বিজ্ঞাপন দিতে ইউনিলিভারের ব্যয় কমেছে প্রায় ৯২ শতাংশ। অর্থাৎ চ্যানেলটিতে বিজ্ঞাপন দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া স্কাই ও আইটিভিতে ইউনিলিভারের বিজ্ঞাপন ব্যয় কমেছে যথাক্রমে ৪৪ ও ৪২ শতাংশ।
এমনিতেই বিজ্ঞাপনের বাজারে কঠিন সময় পার করছে চ্যানেল ফোর। ব্যয় কমাতে প্রতিষ্ঠানটি ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। এর মধ্যে ইউনিলিভারের মতো বড় বিজ্ঞাপনদাতার কাছ থেকে আয় কমে যাওয়া প্রতিষ্ঠানটির জন্য নতুন ধাক্কা হয়ে এসেছে।
তবে ইউনিলিভারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছে চ্যানেল ফোর কর্তৃপক্ষ। যদিও বিজ্ঞাপনের ব্যয় কমানোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইউনিলিভার।
অবশ্য বিশ্বজুড়ে টেলিভিশন বিজ্ঞাপন থেকে পুরোপুরি সরে আসেনি ইউনিলিভার। এখনো তারকাদের দিয়ে বড় বাজেটের বিজ্ঞাপন তৈরি করছে প্রতিষ্ঠানটি। যেমন ২০২৪ সালে পারসিল ব্র্যান্ডের পণ্যের প্রচারে অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্টকে কাজে লাগিয়েছিল ইউনিলিভার। চলতি বছর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া আয়োজন সুপার বোলে হেলম্যানসের বিজ্ঞাপনে ছিলেন অভিনেত্রী এল ফ্যানিং।
তবে ইউনিলিভারের বিপণন বাজেটের বড় অংশ ডিজিটাল মাধ্যমে চলে যাওয়ায় এবং মাত্র দুই বছরে পাঁচ লাখের বেশি কনটেন্ট নির্মাতার নেটওয়ার্ক গড়ে তোলার ঘটনা বলে দিচ্ছে, পণ্যের প্রচারে প্রতিষ্ঠানটির অগ্রাধিকার বদলে যাচ্ছে।






