ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে ফের সংঘর্ষ, নারীসহ আহত ২০
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে ইটভাটায় চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। গতকাল শুক্রবার তোলা ফোকাস বাংলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি বিক্রি ও শ্রমিক সরবরাহের কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীবাড়ি ও উত্তর গোপালনগর এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে শটগানের গুলি ও টেঁটা ব্যবহারের ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ অবস্থান করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোতে মাটি সরবরাহ, শ্রমিক নিয়োগ, বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ এবং নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল কাদির সিপাই ও হাজি সামেদ আলীর মধ্যে। এ নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এ বিরোধের জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল কাদির সিপাই জানান, সকালে প্রতিপক্ষ হালিম আজাদের লোকজন তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁর এক ভাতিজা গুলিবিদ্ধ হন। এ সময় তাদের বাড়িঘরে লুটপাট চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামের লোকজন হালিম আজাদের লোকজনকে ধাওয়া করেন।
আবদুল কাদির সিপাই বলেন, প্রতিপক্ষের লোকজন জোর করে তাদের দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদ জানানোয় তাদের ওপর বারবার হামলা চালানো হচ্ছে। অন্যদিকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বলেন, এটি কোনো ব্যবসা বাণিজ্যকেন্দ্রিক ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই স্থানীয় কৃষক দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বিএনপির দলীয় কর্মসূচিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরা সবাই আবদুল কাদেরের লোক। আমার সঙ্গে কিছু হয়নি। তাদের নিজেদের মধ্যে সমস্যা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১০ অক্টোবর বক্তাবলীর আকবরনগর সিপাহীবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ওই সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও ১০ জন টেঁটাবিদ্ধ হয়েছিলেন।






