সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার বিএনপির সমাবেশ

| প্রিন্ট সংস্করণ


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এটি মূলত মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে ঢাকা জেলার বিভিন্ন আসনের দলীয় সংসদ সদস্য ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং মহানগর ও জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের সমন্বয়ে যৌথ সভা হয়। সভার পর সংবাদ সম্মেলনে মঙ্গলবারের কর্মসূচির বিষয়ে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


যৌথ সভার সিদ্ধান্ত তুলে ধরে রিজভী বলেন, ‘আমরা বিজয়ের মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছি, তার উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১ ডিসেম্বর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার দুপুর ২টা থেকে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।’ এর আগে বেলা ১১টা থেকে শুরু হওয়া যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান ছাড়াও দলের যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকরা উপস্থিত ছিলেন।


আ.লীগ নেতারা ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালাচ্ছে: রিজভী মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ভারতে বসে আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানোর চেষ্টা করছেন। তারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িতেও অগ্নিসংযোগ করা হচ্ছে।


গতকাল বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।


রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর হত্যার নেশা ও রক্তের স্বাদ যায়নি। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে তাদের সেই চেষ্টা সফল হচ্ছে না। সমাবেশে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ স্থানীয় নেতাকর্মীরা।