বাণিজ্যিক জাহাজ পরিচালনায় নারীর অংশগ্রহণ বাড়ছে
সারোয়ার সুমন, চট্টগ্রাম
| প্রিন্ট সংস্করণ
অথৈ সাগরে বাণিজ্যিক জাহাজ পরিচালনার মতো চ্যালেঞ্জিং পেশায় বাড়ছে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ। ২০১২ সালে বাংলাদেশ মেরিন একাডেমিতে (বিএমএ) নারী ক্যাডেট ভর্তির সুযোগ চালুর পর থেকে প্রতিবছরই নতুন ব্যাচে নারীরা যুক্ত হচ্ছেন। বর্তমানে দেশি-বিদেশি জাহাজে কর্মরত ৩৫ বাংলাদেশি নারী। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ১৩। নারী মেরিনারের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। তবে বেসরকারিভাবে দেশের পতাকাবাহী ১০১টি সমুদ্রগামী জাহাজ থাকলেও সেগুলোতে নারী ক্যাডেটদের সুযোগ মিলছে না কাঙ্ক্ষিত হারে। মেরিন একাডেমিতে নারী ক্যাডেটদের ভর্তি শুরু হয় ৪৮তম ব্যাচ থেকে। সেই প্রথম ব্যাচের নারী মেরিনার তানিয়া বেগম জানান, সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজে নারী ক্যাডেটের সংখ্যা ক্রমে বাড়ছে। তিনি ডেক ক্যাডেট হিসেবে দেড় বছর চাকরি করেন বিএসসির দুই জাহাজ বাংলার সৌরভ ও বাংলার কল্লোলে। এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের ব্যাচের শিক্ষার্থী বিউটি আক্তার জার্মানির ওল্ডেন ড্রপ কোম্পানির একটি বাল্ক ক্যারিয়ারে সেকেন্ড অফিসার পদে কর্মরত। নারী ক্যাডেটদের মধ্যে এখন পর্যন্ত তিনিই এ পদে যেতে পেরেছেন। পাইপলাইনে আছেন আরও কয়েকজন।
বাংলাদেশ মেরিন একাডেমির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আতিকুর রহমান চৌধুরী বলেন, দেশি পতাকাবাহী জাহাজ মালিকরা প্রত্যাশা অনুযায়ী এগিয়ে না এলেও বিএসসি ও বিদেশি পতাকাবাহী জাহাজে অনেক নারী ক্যাডেট কর্মরত। এসব কোম্পানির মধ্যে আছে সিঙ্গাপুরের বিডব্লিউ গ্রুপ, আমেরিকার এক্সিলারেট এনার্জি, সিঙ্গাপুরের ওয়ান সি সল্যুস=শন, এক্স-প্রেস ফিডার, বিএসএম, জাপানের এএমএস শিপিং ও এএসএম-থমি। তিনি জানান, মেরিন একাডেমিতে এ পর্যন্ত ১৬৫ নারী ক্যাডেট ভর্তি রয়েছেন। এর মধ্যে ডিগ্রি অর্জন করেছেন ১৩৫ জন
বিএসসিতে নারী মেরিন ক্যাডেটদের সুযোগ বাংলাদেশ মেরিন একাডেমিতে ২০১৪ সালে প্রথম ব্যাচের ১৬ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ শেষ করলে বেসরকারি শিপিং কোম্পানিগুলো তাদের নিয়োগে অনাগ্রহ দেখায়। সে সময় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসসি প্রথম ব্যাচের ১৩ নারী ক্যাডেটকে তাদের জাহাজে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ দিয়ে নবযুগের সূচনা করে। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর ফজলার রহমান বলেন, ‘নারী মেরিনারের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসসি। ২০২৬ সালের নভেম্বরে ক্যাডেট নির্বাচনের সর্বশেষ ফলাফল প্রকাশ করেছি আমরা। এবারও আমাদের তালিকায় স্থান পেয়েছে দুইজন নারী ক্যাডেট। এ পর্যন্ত ১৪ জন নারী মেরিনারকে এমন সুযোগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। জাহাজের সংখ্যা বাড়লে এই সংখ্যা বাড়াব আমরা।’
বেসরকারি জাহাজ দেশীয় বেসরকারি শিপিং কোম্পানিগুলো নারী ক্যাডেট নিয়োগে অনীহা দেখিয়ে আসছে শুরু থেকেই। হংকংভিত্তিক অ্যাংলো-ইস্টার্ন, বার্নহার্ড শুল্টে, এমএসসির মতো কিছু বিদেশি শিপিং কোম্পানি সীমিত পরিসরে বাংলাদেশি নারী ক্যাডেটদের নিয়োগ দেয়। সময়ের সঙ্গে সঙ্গে বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন এলেও নারী ক্যাডেটদের জন্য জাহাজে এখনও আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি বেশিরভাগ জাহাজ মালিক। মেঘনা গ্রুপ, এইচআর লাইন্স ও ভ্যানগার্ডের মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের আধুনিক জাহাজে সীমিত পরিসরে নারী ক্যাডেট ও জুনিয়র অফিসারদের সি-ট্রেনিং ও চাকরির সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এটির সুফল এখনও সেভাবে পাচ্ছে না নারী ক্যাডেটরা। জানতে চাইলে ২৭টি জাহাজের মালিকানা থাকা কেএসআরএম গ্রুপের নির্বাহী পরিচালক মেহেরুল করিম বলেন, দেশের বেসরকারি বহরে থাকা জাহাজের বড় অংশই বাল্ক ক্যারিয়ার। অনেক জাহাজ পুরোনো নকশার হওয়ায় সেগুলোতে নারীদের জন্য পৃথক আবাসন ও ওয়াশরুম সুবিধার ঘাটতি রয়েছে। এজন্য অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানের জাহাজে এখনো নারী মেরিন ক্যাডেট নিয়োগের সুযোগ হয়নি। তবে নতুন কেনা আধুনিক জাহাজগুলোতে নারী নাবিকদের উপযোগী ব্যবস্থা থাকায় ভবিষ্যতে এই সংখ্যা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’
যেসব বাধা মোকাবিলা করতে হয় জাহাজে বার্থ বা নিয়োগ পাওয়া নারী ক্যাডেটদের জন্য প্রথম বড় চ্যালেজ হিসেবে দেখা দেয় সুযোগের সীমাবদ্ধতা। প্রশিক্ষণ শেষে অনেক ক্যাডেটকেই জাহাজে ওঠার অপেক্ষায় দীর্ঘ সময় থাকতে হয়। আবার বেসরকারি বা দেশীয় মালিকানাধীন বেশিরভাগ জাহাজে নারী ক্যাডেটদের নিয়োগের হার এখনও নগণ্য। জাহাজে ওঠার পর কর্মপরিবেশ এবং মানসিক চাপও বড় বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় পরিবার ও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকা, প্রতিকূল আবহাওয়া এবং ডেকের বা ইঞ্জিন রুমের কঠোর শারীরিক পরিশ্রমের সঙ্গে মানিয়ে নিতে হয়। সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গিও নারী মেরিন ক্যাডেটদের পথে প্রভাব ফেলছে। জাহাজে পৃথক আবাসন বা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি এবং ক্যারিয়ারের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগোতে হচ্ছে নারী ক্যাডেটদের।
বিএসসির বহরে নতুন জাহাজ, নতুন সম্ভাবনা বিএসসির বহরে এখন মোট ৭টি সমুদ্রগামী জাহাজ আছে। আগামী পাঁচ বছরে আরও ২২টি নতুন জাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। নির্মাণ শেষে নতুন এসব জাহাজ যুক্ত হলে নাবিক ও ক্যাডেটদের কর্মসংস্থান বাড়ার পাশাপাশি নারী মেরিন ক্যাডেটদের জাহাজে ওঠার সুযোগ আরও সম্প্রসারিত হবে। বর্তমানে শিপিং করপোরেশনের ৪টি জাহাজে ৮ জন নারী মেরিনার কর্মরত। এমভি বাংলার অগ্রগতি, অগ্রযাত্রা, অগ্রদূত ও বাংলার অর্জন নামের জাহাজে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন তারা। বিএসসির শিপ পার্সোনাল বিভাগ জানায়, আরও ৬ জন নারী মেরিন ক্যাডেট আছে অপেক্ষমাণ তালিকায়। যে কোনো সময় তারাও যুক্ত হতে পারেন সমুদ্রজয়ে।’





