নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কাছে ষড়যন্ত্রকারীরা সব সময়ই পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার জন্য বিদেশে পালিয়ে যাওয়া বিগত সরকারের অনুসারীরা চোরাগুপ্তা হামলা চালানোর অপচেষ্টা করছে।


শুক্রবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারীপুর জেলা শাখার সভাপতি জীবন কুমার বোসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


অপর্ণা রায় বলেন, ‘দুর্বৃত্তরা যদি অতি বিপ্লবীপনা দেখাতে চায়, তাহলে জাতীয়তাবাদী শক্তি এবার তাদের দাঁতভাঙা জবাব দেবে।’


এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য রাজৈর থানার ওসি আমিনুল ইসলামকে অনুরোধ জানান তিনি।


নাগরিক সভায় আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম, খায়ের হাওলাদার, মিরাজ ফকির, রহমত উল্লাহ খন্দকার, বিশ্বজিৎ ভদ্র, কানাইলাল শিকারি, অনিক সাহা তন্ময় এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারীপুর জেলা শাখার নেতাকর্মীরা।