নিজস্ব প্রতিবেদক

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য ১.২৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে এই নীতিমালা গেজেট আকারে প্রকাশিত হয়, যা অবিলম্বে কার্যকর হয়েছে।


নীতিমালা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশি ও দেশের সব নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবে। তবে সুবিধাটি কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগ এই প্রণোদনার আওতাভুক্ত হবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে তা প্রণোদনার জন্য বিবেচিত হবে। প্রণোদনা পাওয়ার জন্য ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নিশ্চিত করতে হবে।


আবেদন প্রক্রিয়া ও শর্তাবলি অনুযায়ী, বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করে ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ সংগ্রহ করতে হবে। এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে এবং মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা থাকা যাবে না। প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণ করা হবে; অনুমোদনের পর ৫০ শতাংশ এবং এক বছর পর অবশিষ্ট ৫০ শতাংশ দেওয়া হবে।


বিনিয়োগের স্বচ্ছতা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেওয়া হবে। নগদ অর্থ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এই সুবিধার আওতাভুক্ত হবে না। প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি এবং যাচাই-বাছাইয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির নেতৃত্বে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় এই প্রণোদনা দেওয়া হবে, তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে এই অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন।


ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে এবং জাতীয় পর্যালোচনা কমিটি নিয়মিত নীতিমালাটি পর্যালোচনা করবে। উল্লেখ্য, নীতিমালা কার্যকর হওয়ার আগে দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না।