আল–জাজিরা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি পাকিস্তানি প্রেমের নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। এটি ছিল ব্যক্তিগত আয়োজন। সর্বোচ্চ ৪৫ জন দর্শকের উপস্থিতির কথা ভেবেছিলেন তিনি। কিন্তু প্রদর্শনীতে অংশ নিতে ৭০০ জনের বেশি আবেদন করেন। এত মানুষের আগ্রহ দেখে বিস্মিত হন সুফিয়ান।
শুধু অনলাইনে নয়, ভারতের বিভিন্ন এলাকায় দল বেঁধে নাটক দেখার আয়োজনও হচ্ছে। ‘দার-এ-নিজাত’ নিয়ে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। নাটকটির গল্পে রয়েছে তরুণী জারিয়াব, তাঁর শৈশবের ভালোবাসার মানুষ জামিল। জামিলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর জারিয়াবের জীবনে এসে শূন্যতা পূরণ করেন আবু বকর।
নাটকটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এসব আয়োজন বন্ধ করতে গিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের একধরনের লুকোচুরি চলছে।
ভারতের দক্ষিণাঞ্চলের বেঙ্গালুরু শহরে আগামী সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের প্রচারপত্র কর্তৃপক্ষের নজরে আসার পর সেগুলো বাতিল করা হয়েছে।
তবে এসব কড়াকড়ি সত্ত্বেও নাটকটির প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ কমেনি। নাটকটির ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যের ঘরে একটি বাক্য এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে।’ বাংলায় এর অর্থ, ‘ধৈর্যের ফল চাই না, আবু বকরকে চাই।’
উর্দু ভাষার পরিচিত একটি প্রবাদকে মজার ছলে বদলে তৈরি করা হয়েছে বাক্যটি। এর মধ্য দিয়ে পাকিস্তানি একটি কাল্পনিক চরিত্রের প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসা প্রকাশ পাচ্ছে।
বেঙ্গালুরুর বাসিন্দা ও নাটকটির ভক্ত রক্ষন্দা মুজিব বলেন, ‘আমরা সবাই আবু বকরের মতো একজনের অপেক্ষায় ছিলাম। চরিত্রটির প্রতি আমি ভীষণ মুগ্ধ। কারণ, সে অন্যের অনুভূতি বুঝতে পারে। আজকাল বেশির ভাগ পুরুষের মধ্যে এই গুণটাই অনুপস্থিত।’
তবে ‘দার-এ-নিজাত’ নিয়ে উন্মাদনা ভারতে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠানের জনপ্রিয়তার সর্বশেষ উদাহরণমাত্র। ভারতের পর্দা থেকে পাকিস্তানি বিনোদন সরিয়ে দেওয়ার চেষ্টা দেশটির মানুষের আগ্রহ কমাতে পারেনি।
তবে অনেকের কাছেই নিষিদ্ধ পাকিস্তানি সংস্কৃতির আকর্ষণ এত বেশি যে তাঁরা সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি নিতেও রাজি।
যেভাবে নিষেধাজ্ঞা এল
ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কে এ পর্যন্ত প্রায় সব সময়ই উত্তেজনা চলছে। তা সত্ত্বেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চলেছে। যদিও বিভিন্ন সময়ে উভয় দেশই সাংস্কৃতিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে।
তবে গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও অনুষ্ঠান পরিবেশনার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা ক্রমেই বেড়েছে।
বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ প্রায় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নীতি গ্রহণ করার পর এসব বিধিনিষেধ আরও জোরদার হয়।
নতুন করে পরিস্থিতির অবনতি ঘটে ২০২৫ সালের এপ্রিলে। ওই মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ সংশ্লিষ্টতা অস্বীকার করে।
এরপর দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিন ধরে তীব্র সামরিক সংঘাত চলে। পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
চলতি সপ্তাহে নেটফ্লিক্সকেও পাকিস্তানের প্রথম নাটকটি (দার-এ-নিজাত) ভারতীয় দর্শকদের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারত।
২০১৬ সালে চীনও একইভাবে (উত্তর) কোরিয়ার জনপ্রিয় সংগীত ও সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা প্রায় এক দশক কার্যকর ছিল।
তবে পাকিস্তানি বিনোদন বন্ধে ভারতের চেষ্টা সেভাবে সফল হচ্ছে না বলে মনে হচ্ছে। এর পেছনে প্রযুক্তিগত পার্থক্যটি গুরুত্বপূর্ণ।
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় সরকার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে নির্দিষ্ট কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। সাধারণত এসব নির্দেশ গোপন থাকে।
ভিপিএন ব্যবহার করলে একজন দর্শকের অবস্থান অন্য দেশে বলে দেখানো যায়। এভাবে কেউ নাটক ডাউনলোড করলে পরে ভারতের কোনো অ্যাকাউন্ট থেকেও সেটি আবার আপলোড করতে পারেন।
২০২৫ সালের ৮ মে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের হিসাবে, ওই দিন ভারতে ভিপিএন খোঁজার হার ৭২ শতাংশ বেড়ে যায়।
প্রতিষ্ঠানটির মতে, ভারত ও পাকিস্তান একে অপরের অনলাইন কনটেন্ট বন্ধ করার কারণে ভিপিএনের প্রতি মানুষের আগ্রহ এতটা বেড়েছিল।
পাকিস্তানি নাটক কেন এত জনপ্রিয়
ভারতে ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখার প্রবণতা দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর জন্য লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।
এর মধ্যে রয়েছে ‘দার-এ-নিজাত’ নাটকের সম্প্রচারকারী চ্যানেল এআরওয়াই ডিজিটাল।
এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জেরজিস সেজা বলেন, ‘পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকসংখ্যার ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়।’
সেজা আরও বলেন, ‘এই যুগে আপনি কোনো কনটেন্ট দেখা কঠিন করে তুলতে পারেন। কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারবেন না।’
সেজার এই বক্তব্যের পক্ষে বেশ কিছু উদাহরণ রয়েছে।
২০২২ সালে প্রচারিত পাকিস্তানি নাটক ‘তেরে বিন’ ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায়। একইভাবে ২০২৪ সালের ধারাবাহিক নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’ও ভারতীয় দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বার বলেন, তাঁর নির্মিত ‘ডক্টর বহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো ধারাবাহিক নাটক নিয়ে ভারতীয় দর্শকেরা তাঁকে বার্তা পাঠান।
কিন্তু পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের এত আকর্ষণের কারণ কী? এর একটি বড় কারণ দুই দেশের সাংস্কৃতিক মিল।
ভারত ও পাকিস্তানের ভাষা, সংস্কৃতি ও সামাজিক জীবনে অনেক মিল রয়েছে। ফলে পাকিস্তানি নাটকে তুলে ধরা নানা ঘটনা ও সম্পর্ক সীমান্তের ওপারের বহু দর্শকের কাছেও পরিচিত মনে হয়।
জেরজিস সেজা বলেন, গত কয়েক বছরে পাকিস্তানের বিনোদনশিল্পে নির্মাণের মানও উন্নত হয়েছে। তাঁর ভাষায়, ‘বছরের পর বছর ধরে আমাদের কনটেন্ট অনেক শক্তিশালী হয়েছে। এগুলো বাস্তবধর্মী, সাধারণ মানুষের জীবনের কাছাকাছি, ভাবনার খোরাক জোগায় এবং দর্শকেরা নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পান।’
তবে আবু সুফিয়ান খানের মতে, ‘দার-এ-নিজাত’-এর মতো নাটক ভারতের দর্শকদের আকৃষ্ট করার পেছনে আরও একটি কারণ রয়েছে। তাঁর অভিযোগ, ভারতীয় নাটক ও চলচ্চিত্রে মুসলিম চরিত্রগুলোকে প্রায় সময় গৎবাঁধা ধারণার ভিত্তিতে উপস্থাপন করা হয়।
অন্যদিকে ‘দার-এ-নিজাত’-এ ইসলামের উপস্থাপন আবু সুফিয়ানের কাছে ব্যতিক্রমী। তিনি বলেন, নাটকটিতে ইসলামকে হুমকি হিসেবে দেখানো হয়নি। আবার বলিউডের প্রচলিত কায়দায় চোখে সুরমা ও মাথায় টুপি পরার মধ্যেও সীমাবদ্ধ রাখা হয়নি।
বরং এখানে ইসলামকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যেখানে কাউকে বিচার করার প্রবণতা নেই, সবার জন্য জায়গা রয়েছে এবং ধর্মীয় আচারগুলো বিনয়ের সঙ্গে পালন করা হয়।
আবু সুফিয়ানের মতে, ইসলামের এই সতেজ, অন্তর্ভুক্তিমূলক উপস্থাপনও নাটকটির জনপ্রিয়তার একটি কারণ।
নিষেধাজ্ঞার পরও কীভাবে টিকে থাকবে সাংস্কৃতিক সম্পর্ক
যুদ্ধ ও রাজনৈতিক সংঘাতের সময়ে সংস্কৃতি অনেক সময় সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে ওঠে। কারণ, সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে শত্রু হিসেবে বিবেচিত দেশের মানুষও পরিচিত হয়ে ওঠেন।
কিন্তু প্রযুক্তির অগ্রগতি পুরো একটি সমাজকে অন্য দেশের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন রাখা আরও কঠিন করে তুলেছে।
দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা বলেন, ‘গত কয়েক বছরে ভারতীয়দের একটি বড় অংশ পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠান, গান ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিদের কনটেন্ট দেখছেন।’
ভার্মা আরও বলেন, ‘সংস্কৃতি ও তা উপভোগ করার সুযোগ অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এর ফলে প্রচলিত নেতিবাচক ধারণাগুলো ভেঙে যাচ্ছে।’
ভার্মার ভাষায়, ‘আগে সীমান্তের ওপারে আমাদের ভাইবোনদের সম্পর্কে খুব বেশি জানতাম না। একইভাবে তাঁরাও আমাদের সম্পর্কে খুব বেশি জানতেন না।’
উদাহরণ হিসেবে পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরের কথা উল্লেখ করেন তিনি। ভারতে হানিয়ার গান জনপ্রিয়। সম্প্রতি তাঁর ‘পাবলো’ নামের একটি গানে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত অংশ নিয়েছেন।
ভার্মা বলেন, ‘আমরা সবাই তাঁর গান শুনছি। কে কখন এমনটা ভাবতে পেরেছিল?’
পাকিস্তানে ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মনে করেন, ভারত যে ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা খুব কম ক্ষেত্রেই সফল হয়।
বিসারিয়া বলেন, ‘প্রযুক্তি বদলে যায়। এর ফলে সীমান্ত ও নিষেধাজ্ঞা—দুটোরই গুরুত্ব কমে যায়।’
বিসারিয়ার মতে, সরকারগুলো সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা দেয়। কারণ, সংস্কৃতির কার্যক্রম দৃশ্যমান এবং এর ওপর বিধিনিষেধ আরোপ করা তুলনামূলক সহজ।
তবে পাকিস্তানও অতীতে একই কাজ করেছে। বিসারিয়া বলেন, ‘পাকিস্তানে কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ ছিল।’
কিন্তু ভারতে যেমন পাকিস্তানি নাটক জনপ্রিয়, তেমনি পাকিস্তানেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
বিসারিয়ার মতে, ভারত ও পাকিস্তান ইচ্ছা করুক বা না করুক, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি সব সময়ই একটি শক্তিশালী সংযোগের ভূমিকা পালন করেছে।
‘দার-এ-নিজাত’ নাটকের বর্তমান জনপ্রিয়তা দেখাচ্ছে, সেই সাংস্কৃতিক বন্ধন এখনো অটুট রয়েছে।






