নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গায় রাত থেকে হালকা কুয়াশা আর হিমেল বাতাসে ধীরে ধীরে শীত বাড়তে শুরু করেছে। তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৌসুমি গাছিরা।


শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।


ভোরের হিমেল বাতাসে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালকদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় তাদের আয়ও কমছে।


নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইয়াস বলেন, হঠাৎ শীত পড়া শুরু হয়েছে, ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে।


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ২৭ নভেম্বর থেকে জেলায় তাপমাত্রা কমতে শুরু করে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ।