উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুরে দু’টি খেলনা গাড়ির ভেতরে লুকিয়ে রাখা নয় হাজার ৯০৩ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শান্তনা আক্তার (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শান্তনা আক্তার বরিশাল সদর উপজেলার কাগাশুরা হাওলাদার বাড়ির বাসিন্দা সুরুজ হাওলাদারের স্ত্রী। তিনি বরিশাল নগরের পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাবার বাড়ি উজিরপুর উপজেলার দামোদরকাঠি এলাকায়।
ডিবি পুলিশ জানায়, শান্তনা আক্তার খেলনা গাড়ির ভেতরে ইয়াবা লুকিয়ে বহন করছিলেন। তার সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে দু’টি খেলনা গাড়ির ভেতরে ৫০ প্যাকেটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, শুক্রবার সন্ধ্যায় শান্তনা আক্তার উজিরপুরের দামোদরকাঠি গ্রামের পিত্রালয় থেকে ইয়াবা নিয়ে বরিশাল নগরের পলাশপুর এলাকার উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বামরাইল এলাকায় অবস্থান নেয়। বামরাইল ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে তাকে আটক করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে।





