স্পোর্টস রিপোর্টার
শুরুর ব্যাটিং বিপর্যয়ের এক প্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন শাহাদাত হোসেন দিপু। তবে সেই পুঁজি যথেষ্ট ছিল না বাংলাদেশ 'এ' দলকে ফাইনালে তুলতে। বল হাতে রিপন মন্ডল শুরুটা ভাকো করলেও চাপ বজায় রাখতে না পারায় ম্যাচ ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে। ফলে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজল সেমিফাইনালেই।
শুক্রবার পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩২ রান করে বাংলাদেশ 'এ' দল। জিবাব দিতে নেমে হাসান নেওয়াজ, ফারহান ইউসুফদের ব্যাটে ২৩৩ রানের লক্ষ্য ২৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে পাকিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে সাইফ হাসান এবং ১৫ রানে মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ 'এ' দল। জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন দুই ব্যাটার সাইফ হাসান এবং মাহমুদুল হাসান জয়- কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
আলী রাজার আউট হওয়ার আগে ২ রান করেন অধিনায়ক সাইফ। নিজের পরের ওভারে ফিরে মাহমুদুল হাসান জয়কেও বোল্ড করেন রাজা। তিনি করেন ৯ রান।
শুরুতে ২ উইকেট হারানোর পর হাল ধরেন শাহাদাত হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই দলীয় ১০০ পার করে বাংলাদেশ। তবে রান এগিয়েছে খুব ধীরগতিতে।
২৮তম ওভারের প্রথম বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন সুফিয়ান মুকিম। ধীরগতির ইনিংসে ৭৮ বলে ৪২ রান করেন মাহিদুল।
পরের ব্যাটার আফিফ হোসেনকে দ্রুতই ফেরান সুফিয়ান। বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলিটা ধরতে না পেরে বোল্ড হন আফিফ। একই ওভারে সাব্বির রহমানকেও ফেরান সুফিয়ান। কোনো রান না করেই সাজঘরে ফেরেন একসময় জাতীয় দলের তারকা এই ব্যাটার। ১১৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্তে অটল ছিলেন শাহাদাত। ষষ্ঠ উইকেটে এসএম মেহরবকে নিয়ে গড়েন ৫২ রানের জুটি।
মেহরব আর শাহাদাতের জুটি যখন বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল, তখনই সাজঘরের পথ ধরেন মেহরব। দলীয় ১৭০ রানে মেহরবকে আব্দুল সামাদের ক্যাচ বানান হাসান নেওয়াজ। ডানহাতি এই স্পিনার একই ওভারে আউট করেন মোহাম্মদ রুবেলকেও।
১৭০ রানে ৭ উইকেট হারানোর পর রকিবুল হাসানকে নিয়ে ২২ এবং রিপন মন্ডলকে নিয়ে রানের জুটি গড়েন শাহাদাত। ১১৭ বলে তুলে নেন লিস্ট 'এ' ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ৩ ছক্কা ও ৭ চারে ১১৮ বলে ১০৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি।
শাহাদাতের ব্যাটেই শেষ পর্যন্ত ২৩২ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১২ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রিপন মন্ডল।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান। দুটো করে উইকেট পেয়েছেন হাসান নেওয়াজ এবং আলী রাজা।
মাঝারি পুঁজি নিয়ে বল হাতে শুরুতে লড়াই জমানোর আভাস দেন রিপন। চতুর্থ ওভারে চার বলের মধ্যে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসাইনকে ফিরিয়ে দেন তিনি বাংলাদেশের মতোই তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন নেওয়াজ ও শাহজাইব খান। দেখেশুনে খেলে ১৬৪ বলে ১১০ রানের জুটি গড়েন দুই ব্যাটসম্যান।
রুবেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩টি করে চার-ছক্কায় ৬২ রান করেন নেওয়াজ। ফিফটি করে বদলি নামা চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের দারুণ ক্যাচে ফেরেন শাহজাইব।
থিতু হওয়া দুই ব্যাটারমে ফিরিয়ে কিছুটা আশা জাগায় বাংলাদেশ। তবে সেটি হাওয়ায় মিলিয়ে দেন আব্দুল সামাদ ও ফারহান ইউসুফ। দুজনের ৫৬ বলে ৭৪ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তারা।
শেষ পর্যন্ত আর আউট হননি ইউসুফ। ৪ চার ও ২ ছক্কায় তিনি করেন ৩৮ বলে ৪৬ রান। দলকে জয়ের খুব কাছে রেখে ফেরেন ২ চার ও ৪ ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করা অধিনায়ক সামাদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ২৩২/৮ (জয় ৯, সাইফ ২, শাহাদাত ১০৩*, অঙ্কন ৪২, আফিফ ৫, সাব্বির ০, মেহেরব ২৮, রুবেল ০, রকিবুল ১০, রিপন ১৯*; রাজা ২/৪০, সুফিয়ান ৩/২৯, দানিয়াল ১/৫১, নেওয়াজ ২/৩০)
পাকিস্তান ‘এ’: ২৩৩/৫ (শামিল ১৪, সাদাকাত ৬, শাহজাইব ৫০, নাওয়াজ ৬২, সামাদ ৪৪, ইউসুফ ৪৬*, রোহাইল ২*; রুবেল ১/৩৩, রিপন ২/৫২, রকিবুল ২/৫৮, মেহেরব)
ফল: পাকিস্তান ‘এ’ দল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হাসান নেওয়াজ






