রাজশাহী ব্যুরো
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পরপর দুই দিন ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। প্রথম দিনের হামলার পর নিরাপত্তা জোরদার করা হলেও সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে আবারও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরপর দুই দিনের এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্র কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আট থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে গানপাউডার ছিটিয়ে কয়েকটি ককটেল নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলিবর্ষণ করে। এতে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া চারটি অবিস্ফোরিত ককটেল ঘটনাস্থলে পড়ে থাকে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।
ককটেলর বিস্ফোরণে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে গেলে দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ওই উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়।
এর আগে দিন একই উপকেন্দ্রে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রথম দিনের ঘটনার পর কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশ প্রশাসনকে টহল জোরদারের অনুরোধ জানায়। এরপরও দ্বিতীয় দিনের হামলার ঘটনায় উপকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল গণমাধ্যমকে জানান, প্রথম দিনের ঘটনার পর নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেয়া হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে পাহারায় রাখা হয়েছিল। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
তিনি আরো জানান, ঘটনার সময় আমাদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেয়ার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।
নওহাটা সদর দফতরের লাইনম্যান মনির বলেন, ‘পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রের কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘খড়খড়ি কার্যালয়ে আট থেকে ১০ জন দুর্বৃত্ত ঢুকে গুলি ছোড়ে এবং ককটেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে আমাদের স্টাফরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। আগের দিনও হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
মতিহার থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রথম দিন ককটেল নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন আবারও হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।’
বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে পরপর দুই দিনের হামলায় কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে দায়িত্ব পালনকারী কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি পাহারা এবং নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। একই সাথে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।






