নিজস্ব প্রতিবেদক
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রশিবির। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘লীগ ধর জেলে ভর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে প্রধান ফটকের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদ ও সেক্রেটারি ইমরান খান সৌরভ।
সমাবেশে ছাত্রশিবির সেক্রেটারি ইমরান খান সৌরভ বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদকে বলতে চাই, ভারত যদি বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা করতে চায়, তবে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। জুলাইয়ের মতো আগামীতেও ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে যেকোনো নৈরাজ্য রুখে দেবে।’ তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলেন, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে এর ফলাফল ভালো হবে না। এ সময় তিনি জুলাই সনদ মেনে নেওয়া ও গণভোটের দাবি জানান।
শাখা সভাপতি রাকিব মুরাদ বলেন, ‘ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। ১৭ বছর ধরে তারা গুম, খুন ও হত্যার রাজনীতি করেছে। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারও দেশে বিভাজনের রাজনীতি তৈরি করতে চায়। আমরা জুলাইয়ের মতো জীবন দিয়ে হলেও সেই স্বৈরাচারকে আর ফিরে আসতে দেব না।’
রাকিব মুরাদ আরও বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি খুনি হাসিনা বেঁচে নেই, এটি পার্শ্ববর্তী দেশের নোংরা রাজনীতি হতে পারে। তিনি বেঁচে থাকুন বা মারা যান, তাকে নিয়ে যাতে কেউ নোংরা রাজনীতি করতে না পারে, সেজন্য আমাদের সদা সতর্ক থাকতে হবে। আওয়ামী নৈরাজ্য রুখে দিতে আমরা সর্বদা সজাগ থাকব।’





