নিজস্ব প্রতিবেদক
ভাষার দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বেকারত্বের হার কমানোর লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে চালু হয়েছে বিদেশী ভাষা প্রশিক্ষণ কার্যক্রম। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসানের উদ্যোগে উপজেলার গোবিন্দাসী ও ফলদা ইউনিয়নের তরুণদের জন্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২০২৬-২৭ অর্থ বছরের আওতায় পরিচালিত এই কার্যক্রমে তরুণরা বিনা খরচে আরবি ও ইংরেজিসহ বিভিন্ন বিদেশী ভাষা শেখার সুযোগ পাচ্ছেন। প্রতি ব্যাচে ১৫ জন করে শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, চীন, জাপান ও ইউরোপসহ বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারবেন।
এক মাস মেয়াদী এই কোর্সে ভাষা শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট এবং বিদেশগামী তরুণদের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে অংশ নেওয়া রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন ও কষ্টাপাড়ার হাফিজুর রহমান জানান, ভাষা না শিখে প্রবাসে গেলে কর্মক্ষেত্রে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। বিনা খরচে এমন প্রশিক্ষণ তাদের দক্ষ করে তোলার পাশাপাশি বিদেশী কর্মক্ষেত্রে তাল মিলিয়ে চলতে সহায়তা করবে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহবুব হাসান বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিদেশগামী তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চর ও গ্রাম পর্যায়ে বিনা খরচে ভাষা শেখানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।




