নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁদের দলীয়ভাবে আলাদা মতবিনিময় করার বিষয়টি ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। ১১–দলীয় ঐক্যের সবচেয়ে বড় দল জামায়াত চেয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বসবে জোটগতভাবে। এখন নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ নিয়েও কার্যত ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি।


নির্বাচন কমিশন এরই মধ্যে নিবন্ধিত দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে। সংলাপের প্রথম দিনে রোববার ১১–দলীয় ঐক্যের তিনটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দল তিনটি হলো—জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। অন্য দলগুলোকে ডাকা হয়েছে পরের দুই দিন। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক এনসিপি ও আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে আগামী ১ ডিসেম্বর।


জামায়াতসহ ১১–দলীয় ঐক্যের বেশির ভাগ দল চাইছে, ইসির সঙ্গে সংলাপ হবে জোটগতভাবে। তবে এনসিপি এককভাবেই সংলাপে যেতে চায়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা মতবিনিময়ের পর এখন ইসির সংলাপে এনসিপির আলাদাভাবে যেতে চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। ইসির সঙ্গে সংলাপে ১১ দলের শরিকেরা জোটবদ্ধভাবে যাবে, নাকি একা যাবে, সেটিই ছিল আলোচনার মূল বিষয়। বৈঠকে এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো জোটগতভাবে ইসির সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়।


বৈঠকে এনসিপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আলাদাভাবে দলগুলোকে সংলাপে ডেকেছে। কিন্তু ১১–দলীয় ঐক্যের অধিকাংশ দল জোটগতভাবে সংলাপে যাওয়ার পক্ষে। জামায়াতসহ অন্য দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে নির্বাচন কমিশনকে জোটগতভাবে সংলাপ করার আহ্বান মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু এখন সাপ্তাহিক ছুটি থাকায় কোনো উত্তর পাওয়া যায়নি। এনসিপির পক্ষ থেকে আমি বলেছি, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দলীয় অবস্থান জানানো হবে।’


এনসিপির ভিন্ন অবস্থান সম্পর্কে জানতে সন্ধ্যায় দলটির নীতিনির্ধারণী পর্যায়ের চারজন নেতার সঙ্গে কথা বলেছে। তাঁদের মধ্যে দুজন জানান, ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির নেতাদের মতবিনিময়ের বিষয়টিকে জামায়াত ভালোভাবে নেয়নি। জামায়াতের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে সেই অসন্তোষের কথা বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বৈঠক করেছেন।


এনসিপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে জোটগতভাবে ইসির সংলাপে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরপর শুক্রবার আবার একই বিষয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক ডাকা হলো। অর্থাৎ একটি বিষয়ে আগে সিদ্ধান্ত নিয়ে এরপর জোটের বৈঠক ডাকা হয়েছে। জোটের মধ্যে জামায়াত বড় দল হওয়ায় তাদের মধ্যে নিজেদের সিদ্ধান্ত সবার ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।


অবশ্য জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে গত বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘কোনো দল স্বাধীনভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেতে চাইলে সেখানে বাধা দেওয়ার কিছু নেই। গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেক দলেরই কিছু স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতা থেকেই তারা বৈঠকে যাচ্ছেন এবং এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে জোটের সিদ্ধান্ত হলো, আমন্ত্রণ জানানো হলে আমরা জোটের মধ্যে আলোচনা করে জোটবদ্ধভাবে বৈঠকে যাব।’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, মতবিনিময়ের বিষয়ে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ থাকলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।


এনসিপি একা নাকি জোটগতভাবে, কীভাবে সংলাপে অংশ নেবে—জানতে চাইলে দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু আমরা এককভাবে অংশ নেব এবং নির্বাচন কমিশন যেহেতু নিবন্ধিত দল হিসেবে সংলাপে আমাদের আমন্ত্রণও জানিয়েছে এককভাবে—এসব কারণে এনসিপির অনেকেই এককভাবে ইসির সংলাপে যাওয়ার পক্ষে। এ বিষয়ে শিগগিরই দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’