নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এ সম্মিলন। এতে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের অংশ নেয়ার কথা রয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।


সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, দেশের উচ্চশিক্ষার বৃহত্তম অংশীজনদের নিয়ে আয়োজিত এ সম্মিলন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবে।