সিএনএন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এখন সবচেয়ে বেশি চাহিদা থাকা কয়েকটি সরকারি বাসভবনের বয়স ১০০ বছরের বেশি। নিরাপত্তার দিক থেকেও এগুলো অত্যন্ত সুরক্ষিত। প্রবেশাধিকার নিয়ন্ত্রিত ফটক ও উঁচু দেয়ালে ঘেরা এসব বাড়ি রাজধানীর বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন।
বাড়িগুলো মূলত সামরিক জেনারেল ও বাহিনীর অন্য শীর্ষ কর্মকর্তাদের থাকার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখন সেখানে বসবাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। তাঁদের ভাষ্য, ওয়াশিংটনের অন্য যেকোনো জায়গার তুলনায় এসব সামরিক আবাসনে তাঁরা বেশি নিরাপদ বোধ করেন।
ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য এখন ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে থাকছেন। অতীতে কোনো প্রেসিডেন্টের আমলে এতসংখ্যক জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তার সামরিক আবাসনে থাকার নজির বিরল। ফলে বর্তমান সংখ্যাটি ঐতিহাসিকভাবে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বেড়েছে। একই সঙ্গে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকেও নতুন হুমকি আসছে।
চলতি মাসে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম বোমা কিংবা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিশানা করার পরিকল্পনা করছে ইরান।
বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে নিরাপদ সামরিক স্থাপনায় বসবাসের প্রবণতা ভবিষ্যতের প্রশাসনগুলোতেও অব্যাহত থাকতে পারে। ক্ষমতায় রিপাবলিকান বা ডেমোক্র্যাট, যে দলই থাকুক না কেন।
তবে এর ফলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটি হলো বেসামরিক রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের মতোই তাঁদের সঙ্গে একই এলাকায় বসবাস করেন।
ওয়াশিংটনে নিজের রাজনৈতিক ও প্রশাসনিক ছাপ রাখতে নানা উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। রাজধানীকে অনিরাপদ মনে করে সেখানে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। হোয়াইট হাউসে বিশাল নতুন বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছেন। একটি সরকারি গলফ কোর্সও নতুন করে সাজাচ্ছেন।
এর মধ্যেই একটি বিপরীত চিত্র দেখা যাচ্ছে। আগের যেকোনো প্রশাসনের তুলনায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখন রাজধানীর সাধারণ জীবনযাত্রা থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক টমাস কান বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা এমনিতে একধরনের সুরক্ষিত গণ্ডির মধ্যে জীবন কাটান।
কান বলেন, ‘এ ধরনের দায়িত্বে থাকলে তাঁরা এমনিতেই একটি বেষ্টনীর মধ্যে বসবাস করেন। তাঁদের নিরাপত্তারক্ষী থাকে। এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠানে কিংবা সেখান থেকে বাসায় দ্রুত নিয়ে যাওয়া হয়।’
এ বিশেষজ্ঞ আরও বলেন, ‘কিন্তু এখন পরিস্থিতি আরও অনেক বদলে গেছে। তাঁরা এমনকি আমাদের বেশির ভাগ মানুষের মতো সাধারণ আবাসিক এলাকায়ও থাকছেন না।’
কানের মতে, এর ফলে সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতা আরও বাড়ছে। তাঁর ভাষ্যমতে, ‘এটি সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতা বৃদ্ধি কিংবা বিদ্যমান বিচ্ছিন্নতাকে আরও প্রকট করে তুলেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াশিংটনে অপরাধ কমার কথা তুলে ধরে ভিন্ন যুক্তি দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘তাঁদের লক্ষ্য করে নিরাপত্তার হুমকি থাকায় মন্ত্রিসভার অনেক কর্মকর্তা শহরের সাধারণ এলাকায় বসবাস করতে পারছেন না। তবে রাজধানীকে নিরাপদ ও সুন্দর করে তুলতে প্রশাসনের উদ্যোগে তাঁরা ব্যক্তিগতভাবে অবদান রেখেছেন।’
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সামরিক আবাসনে বসবাস নিয়ে ডেমোক্র্যাট পার্টির কয়েকজন আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে আগামী বসন্তের মধ্যে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিতে একটি প্রতিবেদন দিতে হবে।
প্রতিবেদনে সামরিক আবাসনে বসবাসকারী রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে। বিশেষ করে কী ধরনের নিরাপত্তার হুমকির কারণে তাঁদের সেখানে থাকতে হচ্ছে, কোন আইনি ক্ষমতাবলে এই ব্যবস্থা করা হয়েছে এবং আবাসনগুলোর ভাড়া কত—এসব বিষয় জানাতে হবে।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটদলীয় কংগ্রেস সদস্য জর্জ হোয়াইটসাইডস এ বিষয়ে প্রতিবেদন তৈরির প্রস্তাবে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির অনুমোদন আদায় করেছেন।
হোয়াইটসাইডস বলেন, ‘সামরিক বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা থাকছেন। তাঁরা বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাড়া দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতেই তদন্ত প্রয়োজন।’
সামরিক আবাসনে স্থানান্তরিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সর্বশেষ পরিচিত ব্যক্তি হলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি তিনি ওয়াশিংটনের জর্জটাউনে নিজের বিলাসবহুল বাড়ি ছেড়ে রাজধানীর একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন।
চলতি মাসের শুরুর দিকে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ইরানের পক্ষ থেকে তাঁর জীবনের ওপর হুমকি আসায় বাসস্থান পরিবর্তন করতে হয়েছে।
ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযানে নেতৃত্ব দিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, ‘ইরানের নেতৃত্বকে ধিক্কার। আমি ভয়ে মাথা নত করব না। তারা আমাকে এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। আমরা ভয় পেয়ে পিছিয়ে যাব না।’
নিরাপত্তার উদ্বেগের কারণে সম্প্রতি মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকেও একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন। এর আগে তাঁর পূর্বসূরি পাম বন্ডিও গত বছর একটি সামরিক ঘাঁটিতে বসবাস করেছিলেন।
তবে সব কর্মকর্তা বিদেশি হুমকির কারণে সামরিক আবাসনে ওঠেননি। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য হুমকির সংখ্যাও বেড়েছে।
এ কারণে কয়েকজন কর্মকর্তা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
হোয়াইট হাউসের চিফস অব স্টাফ স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী কেটি মিলার গত বছর ভার্জিনিয়ায় নিজেদের বাড়ি ছেড়ে সামরিক আবাসনে উঠেছেন। তাঁদের চার সন্তান রয়েছে। এর আগে এক নারী তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ করেছিলেন। ওই নারী তাঁদের বাড়ির ঠিকানাসংবলিত প্রচারপত্রও বিতরণ করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘মিলার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকি দেওয়ার একটি সুস্পষ্ট ও নথিভুক্ত অভিযান চলছিল। সে কারণেই তাঁরা বাসা বদলেছেন।’
গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সামরিক বাসভবনের সংস্কার ও উন্নয়নে বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়ে সমালোচনা হয়েছিল।
আইনপ্রণেতারা জানতে পারেন, ফোর্ট ম্যাকনায়ারে হেগসেথের বাসভবন সংস্কার ও উন্নয়নে ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছিল মার্কিন সেনাবাহিনী।
তবে সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। বাসভবনের ধরন অনুযায়ী সাধারণত মাসিক ভাড়া সাড়ে চার হাজার ডলারের বেশি।
এই ভাড়া নির্ধারণের পদ্ধতির একটি অংশের ভিত্তি তৈরি হয়েছিল সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়। তিনি প্রথমে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং পরে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
গেটস প্রথম মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, যিনি সামরিক আবাসনে বসবাস শুরু করেন। তাঁর বাসভবন ছিল পররাষ্ট্র দপ্তরের পাশে নেভি হিলে অবস্থিত উনিশ শতকের একটি ঐতিহাসিক ও প্রশস্ত বাড়ি।
তৎকালীন কেন্দ্রীয় আইন অনুযায়ী, কোনো বেসামরিক কর্মকর্তা সামরিক ঘাঁটির আবাসন ভাড়া নিলে তাঁকে সংশ্লিষ্ট এলাকার সমমানের সাধারণ বাসভবনের বাজারদরের সমপরিমাণ ভাড়া দিতে হতো।
এ নিয়ম অনুযায়ী গেটসের মাসিক ভাড়া দাঁড়িয়েছিল সাড়ে ছয় হাজার ডলারের বেশি।
২০০৮ সালে পেন্টাগন ভাড়া কমানোর জন্য আইন পরিবর্তনের প্রস্তাব দেয়। পেন্টাগনের যুক্তি ছিল, সামরিক ঘাঁটিতে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করা গেলে করদাতাদের অর্থ সাশ্রয় হয়।
কারণ, সাধারণ আবাসিক এলাকায় কোনো মন্ত্রীর জন্য আলাদা নিরাপত্তাব্যবস্থা স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং দিনরাত নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রয়োজন পড়ে।
কংগ্রেস এই যুক্তিতে সম্মত হয়। এরপর গেটস এবং পরবর্তী সব প্রতিরক্ষামন্ত্রী চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের নির্ধারিত ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি অর্থ দিয়ে সামরিক আবাসন ভাড়া নেওয়ার সুযোগ পান।
গেটস চেয়েছিলেন, তাঁর উত্তরসূরিরাও যেন এই সুবিধা পান। তবে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সামরিক আবাসনে ওঠার আগপর্যন্ত অন্য কোনো মন্ত্রিসভার সদস্য নৌবাহিনীর ওই আবাসনে ওঠেননি।
২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই নৌবাহিনীর আবাসনে থাকার বিষয়ে খোঁজ নিয়েছিলেন। কিন্তু নৌবাহিনী তাঁর অনুরোধকে ‘সমস্যাজনক’ বলে বিবেচনা করে।
সিএনএনের হাতে আগে আসা নৌবাহিনীর একটি অভ্যন্তরীণ অনুলিপিতে বলা হয়েছিল, এ ধরনের ব্যবস্থায় তথ্যগত, আইনি, আর্থিক ও নৈতিক সমস্যা রয়েছে।...সে সময় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আবাসনের অপেক্ষমাণ তালিকা ছিল।
এমন অবস্থায় একজন বেসামরিক পররাষ্ট্রমন্ত্রী সামরিক বাহিনীর একজন উর্দিধারী সদস্যের জন্য নির্ধারিত বাসভবনে উঠলে, তা অনুচিত আচরণ হিসেবে প্রতীয়মান হতে পারে।
তবে শেষ পর্যন্ত পম্পেও সামরিক আবাসনেই উঠেছিলেন। তাঁর বাসভবন ছিল ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটিতে।
আট বছর আগে যে ব্যবস্থা সম্ভাব্য ‘সমস্যাজনক’ বলে বিবেচিত হয়েছিল, ট্রাম্পের বর্তমান মেয়াদে সেটিই উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী কেটি মিলার এখন ওয়াশিংটনের ফোর্ট ম্যাকনায়ার সামরিক ঘাঁটিতে থাকেন।
একই ঘাঁটিতে তাঁদের প্রতিবেশী হিসেবে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁদের বাসভবনগুলো ‘জেনারেলস রো’ নামে পরিচিত।
পটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মিলনস্থলে একটি উপদ্বীপের ওপর অবস্থিত এই সামরিক ঘাঁটি। সেখানে থাকা বাড়িগুলো সাধারণত উচ্চপদস্থ জেনারেলদের জন্য নির্ধারিত।
চলতি বছরের শুরুর দিকে কেটি মিলারের পডকাস্টে অংশ নিয়েছিলেন মার্কো রুবিও ও তাঁর স্ত্রী। সেখানে তাঁরা প্রতিবেশী হিসেবে বসবাসের একটি মজার অভিজ্ঞতার কথা জানান।
রুবিও বলেন, তাঁদের পোষা গোল্ডেনডুডল প্রজাতির একটি কুকুর একবার ভুল করে হেগসেথ পরিবারের বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকে পড়েছিল।
রুবিও আরও বলেন, ‘এর উল্টো ঘটনাও ঘটে। পিটের একটি বিড়াল আছে। অনেক রাতেই বাড়ি ফিরে দেখি, বিড়ালটি আমার বারান্দায় বসে আছে। এমনভাবে আমার দিকে তাকায়, যেন জানতে চাইছে, তুমি এখানে কী করছ?’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিড়ালটি আমার বারান্দায় এমন আচরণ করে, যেন এটাই তার বাড়ি। তখন মনে হয়, না, তোমার বাড়ি তো এখান থেকে দুই বাড়ি পরে।’
ফোর্ট ম্যাকনায়ার সামরিক ঘাঁটি পরিদর্শনের অভিজ্ঞতা রয়েছে আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক টমাস কানের।
টমাস কান ঘাঁটিটিকে ‘নিজের মধ্যে আলাদা এক জগৎ’ হিসেবে বর্ণনা করেছেন। সেখানে দোকান রয়েছে। একসময় ওয়াশিংটনের সেরা টেনিস কোর্ট হিসেবে পরিচিত কয়েকটি কোর্টও ছিল ওই ঘাঁটিতে।
কান বলেন, ‘সেখানকার পরিবেশ কিছুটা অবাস্তব মনে হয়। কারণ, জায়গাগুলো চারদিক থেকে সম্পূর্ণ ঘেরা।’
এ অধ্যাপক আরও বলেন, ‘দুঃখজনকভাবে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি ক্রমশ বাড়ছে। এর ফলে সাধারণ সমাজ থেকে তাঁদের বিচ্ছিন্নতা ও দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে।’
কানের আশঙ্কা, ভবিষ্যতে আরও বেশি কর্মকর্তা এ ধরনের নিরাপদ সামরিক আবাসনে থাকতে চাইবেন। তাঁর ভাষায়, ‘দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, আমরা ভবিষ্যতে এমন ঘটনা আরও বেশি দেখব।’
তবে সামরিক আবাসনে থাকার কিছু অসুবিধাও রয়েছে। ওয়াশিংটনের সামরিক আবাসনে আগে বসবাস করেছেন, এমন এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, কিছু বাসভবন বেশ প্রশস্ত হলেও সেগুলো বিলাসবহুল ছিল না।
এ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘শুধু এটুকু বলি, বাড়িটি ছিল ১০০ বছরের পুরোনো। ...এটি তো সামরিক আবাসনই ছিল। থাকার উপযোগী ছিল, এর বেশি কিছু নয়।’




