পিটার সিঙ্গার ও উন্নয়নের নতুন প্রশ্ন
আহমদ মোশতাক রাজা চৌধুরী
| প্রিন্ট সংস্করণ
পিটার সিঙ্গারের কথা শুনতে সেদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। দারিদ্র্য, বৈষম্য, নৈতিকতা আর মানুষের কল্যাণ নিয়ে আলোচনা হলো। এসব বিষয় নিয়েই তো তাঁর বিশ্বজোড়া খ্যাতি। কিন্তু অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাথায় ঘুরপাক খাচ্ছিল অন্য এক বিষয়– মুরগি!
ব্র্যাক বিশ্ববিদ্যালয় পিটার সিঙ্গারকে তাদের প্রথম সম্মানসূচক ফেলোশিপ দিতে আমন্ত্রণ জানিয়েছিল, যদিও বাংলাদেশের সঙ্গে তাঁর পরিচয় সেই ১৯৭১ সালে; আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকে। তখন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। শরণার্থী শিবিরগুলোতে খাদ্য ও চিকিৎসার অভাব। এসব খবর তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তিনি লিখলেন তাঁর বিখ্যাত প্রবন্ধ ‘ফ্যামিন, অ্যাফ্লুয়েন্স, অ্যান্ড মোরালিটি’ (দুর্ভিক্ষ, প্রাচুর্য ও নৈতিকতা)। প্রবন্ধটিতে তিনি প্রশ্ন তুলেছিলেন, হাজার মাইল দূরে বাংলাদেশের কোনো শিশু যখন অনাহারে মারা যাচ্ছে, শুধু দূরে থাকে বলেই কি তার প্রতি আমাদের দায়িত্ব কমে যায়?
সেই ঘটনার ৫৫ বছর পর সিঙ্গার এলেন বাংলাদেশে। রাজশাহী ও পাবনায় ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি ঘুরে দেখলেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করলেন, বিশেষ করে গবেষণার ফল কাজে লাগিয়ে ব্র্যাক যেভাবে দারিদ্র্য বিমোচনের কর্মসূচিগুলো বড় পরিসরে নিয়ে গেছে, তা তাঁকে মুগ্ধ করেছে। এসব কথা শুনতে আমার ভালোই লাগছিল। কিন্তু প্রশ্নোত্তর পর্বে হঠাৎ আলোচনা অন্যদিকে মোড় নিল। একজন শ্রোতা জানতে চাইলেন, উন্নয়ন সংস্থাগুলো মানুষের কল্যাণ নিয়ে এত কাজ করে, অথচ প্রাণীদের কল্যাণ নিয়ে তেমন মাথা ঘামায় না কেন? সিঙ্গারের উত্তর শুনে কিছুটা চমকে গেলাম। তাঁর হিসাবে, পৃথিবীতে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি মেরুদণ্ডী প্রাণী খাদ্যের জন্য পালন ও হত্যা করা হয়। সংখ্যাটি যেমন বিশাল, এর পেছনে লুকিয়ে থাকা প্রাণীদের কষ্টের পরিমাণও তেমনি অকল্পনীয়। আমরা যারা দীর্ঘদিন উন্নয়নকাজের সঙ্গে যুক্ত, তারা গরু-ছাগল-মুরগিকে সাধারণত অন্য চোখে দেখি। একটি গরু মানে দরিদ্র পরিবারের সম্পদ। কয়েকটি মুরগি মানে বাড়তি আয়, ডিম মানে শিশুদের পুষ্টি। গবাদি পশু পালন করে একজন দরিদ্র নারী সংসারে নিজের অবস্থান কিছুটা শক্ত করতে পারেন। কখনও একটি গরু বা কয়েকটি ছাগলই হয়ে ওঠে চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসার প্রথম সম্বল। এগুলো কি ছোট অর্জন?
সিঙ্গার তা অস্বীকার করেননি। তিনি স্বীকার করলেন, তাঁর নিজের অবস্থান অনেক সুবিধাজনক। তাঁকে সন্তানদের খাবার জোগানো নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। তাই বাংলাদেশের দরিদ্র মানুষকে মুরগি পালন বন্ধ করতে বলার আগে তাদের জীবিকা ও পুষ্টির বিষয়টি ভাবতে হবে। কিন্তু তাঁর কথার মূল সুর ছিল অন্য জায়গায়। মানুষের লাভ-ক্ষতির হিসাব আমরা করব, অবশ্যই করব। তবে সেই হিসাব করতে গিয়ে প্রাণীটির ভোগান্তি বা দুঃখকষ্টের কথাও কি একটু ভাবতে পারি না? প্রশ্নটি আমাকে ভাবিয়ে তুলল।
অনুষ্ঠানে আরেকজন শ্রোতা প্রশ্ন করলেন, ভবিষ্যতের মানুষ কি একদিন প্রাণীদের প্রতি আমাদের আজকের আচরণকে সেভাবে দেখবে, যেভাবে আমরা এখন অতীতের দাসপ্রথাকে দেখি? দাসপ্রথার ভয়াবহ অন্যায়ের সঙ্গে পশু পালনকে এক করে দেখার সুযোগ নেই। তবুও সিঙ্গার বলতে চাইলেন, যা আজ আমাদের কাছে স্বাভাবিক, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা অমানবিক মনে হতে পারে। অনুষ্ঠানের পর বিষয়টি নিয়ে কথা হলো লন্ডনে বসবাসরত আমার এক স্কুলবন্ধুর সঙ্গে। তার কথা, মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতাই যেখানে দূর হয়নি, সেখানে মুরগির কষ্ট নিয়ে ভাবার সময় কি এসেছে? কিন্তু সিঙ্গার এতটা হতাশ নন। তিনি মনে করিয়ে দিলেন, পৃথিবীতে শিশুমৃত্যু কমেছে, চরম দারিদ্র্য কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে, শিক্ষার প্রসার ঘটেছে। এগুলো প্রমাণ করে, মানুষ চাইলে পরিবর্তন আনতে পারে।
আমি নিজেকে এ দুই ভাবনার মাঝামাঝি জায়গায় আবিষ্কার করলাম। আমার বন্ধুর কাছে একটি প্রশ্ন আছে। সহমর্মিতা কি ধাপে ধাপে এগোবে? আগে যুদ্ধ বন্ধ করব, তারপর দারিদ্র্য দূর করব, তারপর নারীর অধিকার প্রতিষ্ঠা করব, তারপর পরিবেশ রক্ষা করব– সব শেষে প্রাণীদের কথা ভাবব?
ইতিহাস তো তা বলে না। দারিদ্র্য থাকা অবস্থাতেই আমরা শিশুমৃত্যু কমানোর চেষ্টা করেছি। বৈষম্য দূর হওয়ার আগেই নারীর অধিকার নিয়ে আন্দোলন করেছি। ক্ষুধার সমস্যা সমাধানের জন্য জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবনা থামিয়ে রাখিনি। তাহলে প্রাণীদের প্রতি আমাদের সহমর্মিতার পরিধিও একই সঙ্গে কিছুটা বাড়তে পারে না? ভূমিহীন মানুষের অধিকার, দরিদ্র নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, স্কুলের বাইরে থাকা শিশু কিংবা প্রতিবন্ধী মানুষের সমস্যা– এসব বিষয় একসময় সমাজের মূল আলোচনায় ছিল না। এনজিওগুলো এগুলো সামনে এনেছে, সমাধানের পথ খুঁজেছে; অনেক ক্ষেত্রে সরকার ও সমাজকেও নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করেছে। তাহলে প্রাণীদের কল্যাণ কি এনজিওগুলোর কাজের নতুন একটি ক্ষেত্র হতে পারে না? দরিদ্র মানুষের জীবিকা কিংবা শিশুদের পুষ্টির প্রয়োজন উপেক্ষা করার প্রশ্নই ওঠে না। কিন্তু উন্নয়ন কর্মসূচিতে যেখানে গবাদি পশু বা হাঁস-মুরগি পালন করা হয়, সেখানে প্রাণীদের কষ্ট লাঘবের বিষয়টি বিবেচনায় আনতে বাধা কোথায়?
কীভাবে কম খরচে আরও ভালো পরিবেশে পশু পালন করা যায়, তা নিয়ে গবেষণা হতে পারে। পরীক্ষামূলকভাবে নতুন পদ্ধতি চালু করা যেতে পারে। সরকার ও খামার মালিকদের সঙ্গে কাজ করে কিছু মানদণ্ডও তৈরি করা সম্ভব। এসব তো এনজিওগুলোর পরিচিত কাজ। নতুন সমস্যা চিহ্নিত করা, সমাধানের পথ পরীক্ষা করা, তারপর সেই অভিজ্ঞতা বড় পরিসরে ছড়িয়ে দেওয়া। বাংলাদেশে খাদ্য উৎপাদন ক্রমে বড় ও নিবিড় খামার ব্যবস্থার দিকে যাচ্ছে। উৎপাদন বাড়ানো জরুরি, খাবারের দাম মানুষের নাগালে রাখাও জরুরি। কিন্তু শুধু উৎপাদন আর মুনাফা দিয়েই কি উন্নয়নের সবটুকু বিচার করা যায়? আবার দারিদ্র্য ও পুষ্টির বাস্তবতা উপেক্ষা করে সহজ কোনো নৈতিক সিদ্ধান্ত দেওয়ার পক্ষপাতীও নই।
৫৫ বছর আগে বাংলাদেশের মানুষের দুর্দশা অক্সফোর্ডের এক তরুণ দার্শনিককে ভাবিয়েছিল, দূরের মানুষের কষ্টের প্রতি আমাদের দায়িত্ব কোথায় শেষ হয়? এত বছর পর সেই পিটার সিঙ্গার বাংলাদেশে এসে আমার মতো একজন পুরোনো উন্নয়নকর্মীর মনে আরেকটি প্রশ্ন রেখে গেলেন– কার কষ্ট আর দুর্দশা আমরা এখনও দেখতে শিখিনি?
আহমদ মোশতাক রাজা চৌধুরী: প্রাক্তন ভাইস চেয়ারপারসন, ব্র্যাক






