দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িসংলগ্ন বদরের নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জুয়েল, জহিরুল হক রুবেল, আমজাদ হোসেন টিপু, মোশাররফ হোসেন ফয়সাল, মোহাম্মদ শামীম, মহিবুল ইসলাম রাজু, মোহাম্মদ তানভীর, হৃদয়, রুবেল, বাশার, সোহরাব হৃদয়, ইয়াকুব আলী ও বাসুর নাম জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে ও চারজনকে ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতদের প্রায় সবাই দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থক বলে দাবি করা হচ্ছে।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, তিনি পূর্বচন্দ্রপুর ইউনিয়নে যুবদলের রফিকসহ একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বদরের নেছা উচ্চ বিদ্যালয় পার হওয়ার পর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। এ সময় তাদের বহরের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আরও কয়েকটি মোটরসাইকেল আটকে রাখা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা কাজী ফটিক ও তার ভাই পলাশের নেতৃত্বে একটি দল উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসে। এ সময় আলাইয়ারপুর গ্রামবাসীসহ স্থানীয়রা তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তিনি শুনেছেন, দলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে একটি দল তার বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছিল। এ সময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।






