বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যে প্রতিবেদন জমা
বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকার ও পার্লামেন্টের নীতিনির্ধারকদের কাছে একটি প্রমাণভিত্তিক প্রতিবেদন জমা দিয়েছে ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
‘বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি: যুক্তরাজ্যের হোম অফিসের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের তথ্যভিত্তিক জবাব’ শিরোনামের ওই প্রতিবেদনে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করা হয়েছে।
যুক্তরাজ্যের হোম অফিসের সাম্প্রতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং সামগ্রিকভাবে উন্নতি হয়েছে। তবে ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক অংশগ্রহণ, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
সংগঠনটির প্রতিবেদনে সাংবাদিকদের ওপর হামলা, মব সহিংসতা, রাজনৈতিক ভীতি প্রদর্শন, দীর্ঘমেয়াদি আটক এবং রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রেও বাধা থাকার কথা বলা হয়েছে।
দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনের প্রতিবেদন, গণমাধ্যমের অনুসন্ধান এবং বিভিন্ন উন্মুক্ত উৎসের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
প্রতিবেদনটি যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক সচিব, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, হাউস অব কমন্সের পররাষ্ট্রবিষয়ক কমিটি এবং জয়েন্ট কমিটি অন হিউম্যান রাইটসের সদস্যদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট চিফ ইন্সপেক্টর অব বর্ডারস অ্যান্ড ইমিগ্রেশন, হোম অফিসের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম এবং বাংলাদেশ, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিভিন্ন অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের কাছেও প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে আরও বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ তথ্য-প্রমাণ বিবেচনার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স। এ ক্ষেত্রে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং স্বাধীন পর্যবেক্ষকদের তথ্যকে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে তারা।
প্রতিবেদনে সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ, মৌলিক অধিকার সুরক্ষা, রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে।
ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স মনে করে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, জাতীয় পুনর্মিলন ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। কোনো বড় রাজনৈতিক গোষ্ঠীকে প্রান্তিক করে বা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে টেকসই গণতান্ত্রিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয় বলে মনে করে সংগঠনটি।
সংগঠনটির আশা, এই প্রতিবেদন যুক্তরাজ্য সরকার ও পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারসাম্যপূর্ণ ও তথ্যনির্ভর আলোচনায় ভূমিকা রাখবে।






