নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ খেতাবসহ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ সম্বোধন ব্যবহার করা হয়।
পোস্টে বলা হয়, যে প্রশিক্ষণকেন্দ্র এক সময় তাকে গড়ে তুলেছিল, দীর্ঘ সময় পর সেই চেনা আঙিনায় ফিরে আসেন তিনি। পুরোনো প্রশিক্ষণস্থলে পা রেখে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর স্মৃতিচারণ করেন স্পিকার।
পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্যমতে, সেখানে কাটানো বছরগুলোর কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজ উদ্দিন আহমদ। ওই সময়গুলো তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। পিএমএ কেবল তার প্রশিক্ষণকেন্দ্র ছিল না, বরং নিজের বাড়ির মতো ছিল বলেও অনুভূতি প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ১৯৬৬ সালে পিএমএতে যোগ দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ।
পোস্টটিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার অভিন্ন ঐতিহ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে দুই দেশের সম্পর্ককে ‘দুই জাতি, এক অভিন্ন ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন’ হিসেবে অভিহিত করা হয়।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশটিতে সরকারি সফরে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।






