উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন। নিজের দলের লাশ চান তিনি।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই বিষয়ে কথা বলেন তিনি। সোহেল তাজ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান- আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’
সোহেল তাজ লিখেন, ‘পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন।’
তার ভাষায়, ‘ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন শেখ হাসিনা, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।’
সোহেল তাজের দাবি, ‘উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ-তিনি চান নিজের দলের লাশ। এ জন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।’
সবশেষে সোহেল তাজ লিখেন, ‘এটাই একজন “সাইকোপ্যাথ”-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।’