ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুকৃবি প্রতিনিধি

ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান খুকৃবি উপাচার্যের

MD RAJIBUL HOSAIN TANIM
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ২২:৫৭:০৪
ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান খুকৃবি উপাচার্যের ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান খুকৃবি উপাচার্যের
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সম্মিলিত আন্দোলনের শক্তির প্রমাণ। ভবিষ্যতেও যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের সদস্যদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন নিয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। দেশের মাটিতে এমন শক্তির পুনরুত্থানের কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে খুকৃবি সাদা দলের সভাপতি ড. মো. হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার উপযোগী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টা সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। সাদা দলের সাধারণ সম্পাদক ডা. মো. উজ্জ্বল হোসেন তাঁর বক্তব্যে বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে পরিচালিত অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। তিনি সরকারের ধৈর্যশীল ভূমিকার প্রশংসা করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ডা. মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিবুল করিম। বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাদা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানান।


নিউজটি আপডেট করেছেন : MD RAJIBUL HOSAIN TANIM

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ