উলিপুরে ৫ হাজার ২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম ও হড়হড়ের বীজ-সার বিতরণ
আপডেট সময় :
২০২৬-১১-১৬ ১৭:৫৯:২৩
উলিপুরে ৫ হাজার ২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম ও হড়হড়ের বীজ-সার বিতরণ
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের ফসল চাষে উৎসাহিত করতে কুড়িগ্রামের উলিপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম ও হড়হড়ের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উলিপুরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুর ইসলাম, কৃষিবিদ মোছা. খালেদা খাতুনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষককে প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হবে। এছাড়া ২০০ জন কৃষককে চিনাবাদামের বীজ এবং ৬০ জন কৃষককে হড়হড়ের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে। সব মিলিয়ে ৫ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় আসবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ বাড়বে। বিশেষ করে সরিষার উৎপাদন বৃদ্ধি পেলে দেশে ভোজ্যতেলের ঘাটতি পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ও কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ সহায়ক হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স