ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ১৩:৪৭:৫৬
বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস।

 

রোববার (১৫ নভেম্বর) সকালে দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য নতুন ‘ডিজিটাল কনসুলার সার্ভিস পোর্টাল’ (আউসল্যান্ডসপোর্টাল) চালুর তথ্য জানানো হয়। তবে এই নতুন ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে আগের পদ্ধতির সব অপেক্ষমাণ তালিকা বাতিল ঘোষণা করা হয়েছে।

 

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়াটি আরও কার্যকর ও সুনিশ্চিত করতেই এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষামূলক আদান-প্রদানের সুযোগ আরও বাড়বে।

 

নতুন এই ব্যবস্থায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া দূতাবাসের বাহ্যিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএসের (VFS) মাধ্যমে আগেই নথিপত্রের প্রাথমিক যাচাই করিয়ে নেওয়ার সুযোগ থাকছে। এর ফলে দূতাবাসে সশরীরে উপস্থিত থাকার সময়ও অনেকটা কমে আসবে; সেখানে মূলত আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের সর্বশেষ অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করা যাবে এবং প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

 

অপেক্ষমাণ তালিকা বাতিল, করতে হবে নতুন আবেদন

নতুন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে আগের পদ্ধতিতে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) সম্পূর্ণ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। ফলে জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে আগ্রহী সব শিক্ষার্থীকে নতুন করে নিবন্ধন করতে হবে। যাঁরা আগের পদ্ধতিতে নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাঁদের নিবন্ধনগুলো নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না এবং সেগুলো আর কার্যকর থাকবে না। তাই তাঁদেরও নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

 

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ডিজিটাল কনসুলার সার্ভিস পোর্টালের ([https://digital.diplo.de/](https://digital.diplo.de/)) মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, বিস্তারিত নির্দেশিকা ও আবেদন-সংক্রান্ত যাবতীয় তথ্যও ওই পোর্টাল এবং ঢাকাস্থ জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ