ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮তম শিক্ষক নিবন্ধন: সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ১৩:৩৬:৫২
১৮তম শিক্ষক নিবন্ধন: সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন ১৮তম শিক্ষক নিবন্ধন: সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক প্রার্থীদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। এতে তাদের অনেকের সনদের মেয়াদ ও চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন সুপারিশবঞ্চিত প্রার্থী মুনিয়া তাসনিম। তিনি বলেন, আমরা কোনো অনিয়ম বা বিশেষ সুবিধা চাইতে আসিনি। দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েই শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করেছি। প্রায় ১৯ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ উত্তীর্ণ হয়েছি। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও আমরা নিয়োগ পাচ্ছি না। তিনি আরও বলেন, গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবিগুলো তুলে ধরেছিলেন। তখন শিক্ষামন্ত্রী তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও সেই আশ্বাসের বাস্তবায়ন দেখা যায়নি। মুনিয়া তাসনিম বলেন, আমাদের বলা হয়েছিল, নিয়োগ কার্যক্রম সাত দিনের মধ্যে শেষ করা হবে। কিন্তু ২১ এপ্রিল থেকে ১৫ নভেম্বর, সাত মাস পার হয়ে গেছে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি। বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সামাজিকভাবে আমাদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। মানুষ প্রশ্ন করে, শিক্ষক হওয়ার সনদ থাকার পরও চাকরি হয়নি কেন? আমরা এর সমাধান চাই।’ আরেক প্রার্থী খোরশেদ আলম বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। অথচ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও হাজারো প্রার্থী শিক্ষকতা পেশায় প্রবেশ করতে পারছেন না। এতে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট থাকছে, অন্যদিকে যোগ্য প্রার্থীরা বেকার জীবন কাটাচ্ছেন। তিনি বলেন, আমরা রাজপথে থাকতে চাই না, শিক্ষাঙ্গনে ফিরে যেতে চাই। শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন। সাত মাস পেরিয়ে গেলেও সেই আশ্বাসের দৃশ্যমান বাস্তবায়ন না হওয়া অত্যন্ত হতাশাজনক। আমাদের একজন সহযোদ্ধা যমুনা রায় সুপারিশ না পেয়ে আত্মহত্যা করেছেন। এমন হতাশাজনক পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন। খোরশেদ আলম আরও বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় তার ইবাদতখানা। আমরা জানতে চাই, সেই ইবাদতখানায় আমাদের আকুতি কি পৌঁছাচ্ছে না? আমরা সরকারের প্রতিপক্ষ নই। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেদের ন্যায্য অধিকার চাই। আমাদের দ্রুত নিয়োগ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেওয়া হোক। কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরেন প্রার্থীরা। দাবিগুলো হলো—১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা; বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা; এবং সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ