ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপরিকল্পিত ড্রেজিংয়ে ভাঙনের ঝুঁ'কি'তে চরের বসতভিটা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ০০:৫৩:৪৬
অপরিকল্পিত ড্রেজিংয়ে ভাঙনের ঝুঁ'কি'তে চরের বসতভিটা অপরিকল্পিত ড্রেজিংয়ে ভাঙনের ঝুঁকিতে চরের বসতভিটা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিশাল একটি চরে ড্রেজিং করা হচ্ছে। এতে করে চরটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ঝুঁকিতে রয়েছে আশপাশের ফসলি জমি ও বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, নৌযান চলাচলের জন্য নাব্যতা সংকট দূর করার কথা থাকলেও নির্ধারিত স্থানের বাইরে ড্রেজিং করা হচ্ছে। বালু ব্যবসায়ীদের সুবিধার জন্যই এমনটি করা হচ্ছে বলে দাবি তাদের। জানা গেছে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ব্রহ্মপুত্র নৌঘাট এলাকায় এ ড্রেজিং চলছে।

ইতোমধ্যে প্রায় ১৫০ মিটার এলাকাজুড়ে এবং অন্তত দুই একর চর কেটে বালু তোলা হয়েছে। ড্রেজিং করা অংশটি প্রায় ১২০ ফুট প্রশস্ত ও ৩০ ফুট গভীর। এতে প্রায় দেড় একর জমি নদীতে বিলীন হয়েছে। বাকি চরটিও ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর থেকে ওই এলাকায় নদী ভাঙন বন্ধ থাকায় ব্রহ্মপুত্রের বুকে বিশাল চর জেগে ওঠে। কিন্তু একটি প্রভাবশালী মহল বালু ব্যবসার জন্য সেখানে ড্রেজিং করছে। এ কাজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যোগসাজশ রয়েছে বলেও দাবি তাদের। তাদের ভাষ্য, বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী ফলুয়ার চর থেকে চিলমারী নৌঘাট পর্যন্ত নৌযান চলাচলের পথে যেখানে নাব্যতা সংকট দেখা দেবে, সেখানে ড্রেজিং করার কথা। কিন্তু সেই পথের বাইরে নৌঘাটের পাশের চরে বালু তোলা হচ্ছে। এতে নৌপথ সচল করার চেয়ে বালু উত্তোলনেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছেন তারা। বিআইডব্লিউটিএর সূত্রে জানা গেছে, ফলুয়ার চর নৌঘাট থেকে চিলমারী নৌঘাট পর্যন্ত নৌযান চলাচলের পথে যেখানে নাব্যতা সংকট দেখা দেবে, সেখানেই ড্রেজিং করা যাবে। বালু তোলার সময় নদীর তীরের স্থাপনা, মানুষ ও পাশের ফসলি জমির ক্ষতি করা যাবে না। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ফলুয়ার চর নৌঘাটের ইজারাদার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, পানি কমে যাওয়ায় ঘাটটি কিছুটা দূরে সরে গেছে। এতে মালবাহী যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং তাদের লোকসান হচ্ছে। এ কারণে ড্রেজিং করা হচ্ছে। অপরিকল্পিত ড্রেজিংয়ের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা নির্মল কুমার রায় বলেন, ‘অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের ব্যাপারে আমি কিছু জানি না। আপনারা ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলেন।’ বিআইডব্লিউটিএর নির্বাহী

প্রকৌশলী সমীর চন্দ্র পাল বলেন, নৌযান চলাচল স্বাভাবিক রাখতে কিছু কিছু জায়গায় ড্রেজিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৌঘাট এলাকার চরে ড্রেজিংয়ের বিষয়ে তিনি জানেন না। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুল হাসান বলেন, নির্দেশনা অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না বলে তিনি শুনেছেন। ঘাটের পাশেই ড্রেজিং করা হচ্ছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ