ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ে যান না উপজেলা ছাত্রলীগ সভাপতি, অথচ বেতন-ভাতা তোলেন নিয়মিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ০১:২০:৩৮
বিদ্যালয়ে যান না উপজেলা ছাত্রলীগ সভাপতি, অথচ বেতন-ভাতা তোলেন নিয়মিত বিদ্যালয়ে যান না উপজেলা ছাত্রলীগ সভাপতি, অথচ বেতন-ভাতা তোলেন নিয়মিত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মাঈদুল ইসলাম তার মামা। এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও এক শিক্ষার্থীর অভিভাবক মোঃ শাহ আলম উপজেলা উলিপুর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর বিদ্যালয়টি পরিদর্শন করেন উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় মোঃ নজরুল ইসলামকে অনুপস্থিত পান তিনি।

পরে বিদ্যালয়ের হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের শুরুর দিকে অফিস সহায়ক পদে যোগ দেন মোঃ নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। এরপর থেকে তাকে এলাকায়ও দেখা যায়নি। অভিযোগকারীদের দাবি, মোঃ নজরুল ইসলাম বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখানো হচ্ছে এবং তিনি বেতন-ভাতা তুলছেন। এ কাজে প্রধান শিক্ষক মোঃ মাঈদুল ইসলাম সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ ছয়জন কর্মরত রয়েছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, মোঃ নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাকে আর দেখা যাচ্ছে না। অভিযোগকারী মোঃ শাহ আলম বলেন, দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নজরুল ইসলাম বেতন-ভাতা তুলছেন বলে তারা জানতে পেরেছেন। প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হচ্ছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের বিষয়ে মোঃ নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে প্রধান শিক্ষক মোঃ মাঈদুল ইসলাম বলেন, মোঃ নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন। চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। ছুটিতে থাকায় তার ছুটির আবেদনের কপিও রয়েছে। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, পরিদর্শনে মোঃ নজরুল ইসলামকে অনুপস্থিত পাওয়া গেছে। বিদ্যালয় থেকে হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠানো হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ