ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১৪ মাসেই পবিত্র কুরআনের হাফিজ হলো জুড়ীর তাওহিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ২৩:৪৫:৫৬
মাত্র ১৪ মাসেই পবিত্র কুরআনের হাফিজ হলো জুড়ীর তাওহিদ উদ্দিন মাত্র ১৪ মাসেই পবিত্র কুরআনের হাফিজ হলো জুড়ীর তাওহিদ উদ্দিন
এস এম জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: :

মাত্র ১ বছর ২ মাস ৯ দিনে পবিত্র কুরআন মাজিদের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী তাওহিদ উদ্দিন। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। শনিবার (১৪ নভেম্বর) কুলাউড়া উপজেলার নাজিরেরচক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের এ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন মাজিদের শেষ সবক সম্পন্ন করে। তাওহিদ উদ্দিন জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা কবির উদ্দিনের ছেলে। সে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মাদ্রাসাটির হিফজ বিভাগে ভর্তি হয়। পরদিন ৫ সেপ্টেম্বর থেকে কুরআন হিফজ শুরু করে। দীর্ঘ অধ্যবসায়, একাগ্রতা, নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করার সৌভাগ্য অর্জন করে সে। তাওহিদের এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন তার হিফজের দায়িত্বপ্রাপ্ত উস্তাদ হাফিজ কারী সাব্বির আহমদ। তিনি বলেন, তাওহিদ তার অত্যন্ত স্নেহের শিক্ষার্থী। পারিবারিকভাবেও সে তার আপন শ্যালক। তার এ অসাধারণ সাফল্যে তিনি ব্যক্তিগতভাবে আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ যেন তাকে কুরআনে কারিমের একজন হক্কানি ধারক-বাহক হিসেবে কবুল করেন এবং

কুরআনের আলোয় জীবন গড়ে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করার তাওফিক দান করেন। ছেলের হিফজ সম্পন্নের খবরে আনন্দ ও আবেগাপ্লুত বাবা কবির উদ্দিন। তিনি বলেন, সন্তানের এমন মহৎ অর্জন প্রত্যেক বাবা-মায়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাদের সেই সৌভাগ্য দান করেছেন। ছেলের এ অর্জনের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও অক্লান্ত প্রচেষ্টা রয়েছে। তিনি উস্তাদসহ মাদ্রাসার সব শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসার সুপার মাওলানা কাজী আব্দুস সামাদ কায়েস বলেন, প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী অল্প সময়ে পবিত্র কুরআন মাজিদের হিফজ সম্পন্ন করায় তারা আনন্দিত ও গর্বিত। তাওহিদের এ সাফল্য তার মেধা, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফল। তার এ অর্জন প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীদেরও কুরআন হিফজে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ আয়াতুল ইসলাম বলেন, তাওহিদ অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও মনোযোগী শিক্ষার্থী। হিফজের শুরু থেকেই তার মধ্যে ভালো করার প্রবল আগ্রহ ও আন্তরিকতা লক্ষ্য করা গেছে।

নিয়মিত নতুন পড়া প্রস্তুত করা, পুরোনো পড়া পুনরাবৃত্তি এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণে সে যথেষ্ট যত্নবান ছিল। ভবিষ্যতেও নিয়মিত মুরাজাআতের মাধ্যমে সে তার হিফজের হেফাজত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাওহিদ উদ্দিনের এ গৌরবোজ্জ্বল অর্জনে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পবিত্র কুরআন হিফজে অনুপ্রাণিত করবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ