ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় জিম্মিদশা: দফায় দফায় মুক্তিপণ দাবি, গ্রে'প্তা'র ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৩ ১২:৩০:৩৭
লিবিয়ায় জিম্মিদশা: দফায় দফায় মুক্তিপণ দাবি, গ্রে'প্তা'র ২ লিবিয়ায় জিম্মিদশা: দফায় দফায় মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় দুই বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার সাইফুল (৩৯)। কিন্তু সেখানে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন তিনি। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দফায় দফায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ পাঠান ৭০ বছর বয়সী বাবা আব্দুস সামাদ। টাকা পেয়েও ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ করিয়ে দেয়নি চক্রটি। উল্টো ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, ভুক্তভোগী সাইফুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে তিনি লিবিয়ায় যান এবং সেখানে পাচারকারীদের হাতে জিম্মি হন। ঘটনার শুরু ২০২৫ সালের ৫ আগস্ট। ওই দিন দুপুরে লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে সাইফুলকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণের অর্ধেক পরিশোধ না করা পর্যন্ত তার সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলে জানানো হয়। ছেলের জীবন বাঁচাতে পরিবারটি টাকা জোগাড়ের চেষ্টা শুরু করে। ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠানো হয়। কিন্তু টাকা দেওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি। এরপর সোহেল নামে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানান, সাইফুলের সব তথ্য তার কাছে আছে এবং তিনি নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে আনবেন। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। তবে সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়।

এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক আছেন এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের নম্বর সংগ্রহ করা হয়েছে। ছেলের জীবন নিয়ে দুশ্চিন্তা আর একের পর এক মুক্তিপণের দাবিতে দিশেহারা হয়ে পড়েন বৃদ্ধ আব্দুস সামাদ। একপর্যায়ে তিনি জানিয়ে দেন, ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর ফোনে আর কোনো কল আসেনি। এ ঘটনায় প্রতারিত ও শঙ্কিত হয়ে আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডির টিএইচবি ইউনিট। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে নাটোরের সিংড়া বাজার থেকে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য বিশ্লেষণ করে দেশি-

বিদেশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত, পাচারের রুট নির্ণয় এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ