২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
চাকরির পেছনে না ছুটে নিজেরাই কিছু করার স্বপ্ন দেখেছিলেন পাঁচ বন্ধু। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পুঁজি জোগাড় করেন মাত্র ২০ হাজার টাকা। শুরু করেন মুড়ির ছোট্ট একটি দোকান। সময়ের ব্যবধানে তাদের সেই উদ্যোগে সাড়া দিয়েছেন ক্রেতারা। এখন প্রতিদিন বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকার মুড়ি। মাসে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন লাখ টাকা। ব্যতিক্রমী স্বাদের চুইঝালের মুড়ি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এই পাঁচ শিক্ষিত তরুণ। কুড়িগ্রামের রাজারহাট বাজারের রেললাইনের পাশে সন্ধ্যা নামলেই জমে ওঠে তাদের অস্থায়ী দোকান। ক্রেতাদের কেউ দাঁড়িয়ে মুড়ি খাচ্ছেন, কেউ আবার পরিবারের সদস্যদের জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছেন। মাত্র ২০ টাকার এক বাটি মুড়িতে রয়েছে রসুন, চুইঝাল ও বিশেষ মসলার মিশ্রণ। স্বাদের এই ভিন্নতাই অল্প সময়ের মধ্যে দোকানটিকে পরিচিত করে তুলেছে। এই উদ্যোগের উদ্যোক্তা পাঁচ বন্ধু- নুর আলম, নাহিদ হাসান, আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাদের মধ্যে নুর আলম ও নাহিদ হাসান স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অন্য তিনজন আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ স্নাতক (অনার্স) শেষ করেছেন। উচ্চশিক্ষা শেষ করে চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে কিছু করার সিদ্ধান্ত নেন তারা। সেই ভাবনা থেকেই অক্টোবরের শুরুতে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন মুড়ির ব্যবসা। প্রতিদিন সকাল থেকেই বাড়িতে চলে তাদের প্রস্তুতি। পাঁচ বন্ধু মিলে নিজেরাই সংগ্রহ করেন প্রয়োজনীয় উপকরণ। তৈরি করেন বিশেষ মসলা। এরপর বিকালে সবকিছু নিয়ে বসেন রাজারহাট বাজারের রেললাইনের পাশে। ছোট্ট অস্থায়ী দোকান হলেও খাবারের স্বাদ ও পরিবেশনার পরিচ্ছন্নতায় কোনো ছাড় দিতে চান না তারা। তাদের মুড়ির অন্যতম আকর্ষণ স্থানীয় চুইঝাল। প্রতি বাটিতে মুড়ির সঙ্গে মেশানো হয় রসুন, চুইঝাল ও বিশেষ মসলার মিশ্রণ।
মাত্র ২০ টাকায় পাওয়া যায় এক বাটি মুড়ি। খাবার পরিবেশনে ব্যবহার করছেন ফুড গ্রেড পেপার। স্বাদের পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্ব দেওয়ায় ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে আস্থা। দোকানটিতে ক্রেতাদের মধ্যে রয়েছেন আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সি মানুষ। সন্ধ্যার পর অনেক সময় ক্রেতাদের ভিড়ে অপেক্ষা করতে হয় মুড়ি খাওয়ার জন্য। কেউ দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্য কিংবা প্রিয়জনের জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছেন। মুড়ি খেতে আসা
স্কুলশিক্ষার্থী মাহাদি হাসান ও মিনহাজ আহমেদ বলে, এই মুড়ি অনেক সুস্বাদু। তাদের সেবাও বেশ ভালো। প্রায় এক সপ্তাহ ধরে আমরা এখানে আসছি। মাত্র ২০ টাকায় অনেকটা মুড়ি পাওয়া যায়। উদ্যোক্তা নুর আলম বলেন, আমরা সবাই শিক্ষিত। আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। তবে নিজেদের দৈনন্দিন আয়ের একটি ব্যবস্থা করতেই আপাতত এই উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে আমরা চা ও কফি চালু করব। শুধু ব্যবসা নয়, স্থানীয় সম্পদকে কাজে লাগানোর চিন্তাও রয়েছে তাদের উদ্যোগের পেছনে। রাজারহাট ও আশপাশের এলাকায় চুইগাছের চাষ হলেও স্থানীয়ভাবে এর ব্যবহার তুলনামূলক কম। এখানকার চুইঝাল দেশের দক্ষিণাঞ্চলেও সরবরাহ করা হয়। সেই চুইঝালকে স্থানীয় খাবারের অন্যতম উপকরণ হিসেবে তুলে
ধরতে চান তারা। নাহিদ হাসান বলেন, আমাদের এলাকায় চুই চাষ হয়। কিন্তু স্থানীয়ভাবে এর ব্যবহার খুব বেশি নেই। এখানকার চুইঝাল দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। সেই চুইঝাল দিয়েই আমাদের যাত্রা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের পণ্য সাদরে গ্রহণ করেছে। প্রতিদিনই অনেক মানুষ আসছেন। উদ্যোক্তা ফেরদৌস আহমেদ বলেন, এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা। আলামিন ইসলাম বলেন, ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই। উদ্যোক্তা মনির হোসেন জানান, মোটামুটি ২০ হাজার টাকা পুঁজি নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হচ্ছে। সে হিসাবে মাসে বিক্রির পরিমাণ প্রায় তিন লাখ টাকা। তিনি আরও জানান, প্রতিদিন তাদের ২৩ থেকে ২৫ কেজি মুড়ি প্রয়োজন হয়। স্থানীয়ভাবে সংগ্রহ করেন চুইগাছ। পাশাপাশি রসুন, বিভিন্ন ধরনের মসলা ও খাবার পরিবেশনের উপকরণ কিনতে হয়। এসব খরচ বাদ দিয়ে লাভের পরিমাণ খুব বেশি না হলেও নিজেদের উদ্যোগে আয় করতে পারাটাই তাদের কাছে বড় অর্জন। চাকরির অপেক্ষায় বসে না থেকে মাত্র ২০ হাজার টাকা পুঁজি, পাঁচ বন্ধুর সম্মিলিত শ্রম আর নতুন কিছু করার প্রত্যয়-এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে তাদের ছোট্ট উদ্যোগ।
আপাতত রাজারহাট বাজারের রেললাইনের পাশের অস্থায়ী দোকানেই সীমাবদ্ধ তাদের ব্যবসা। তবে পাঁচ বন্ধুর স্বপ্ন আরও বড়। তাদের প্রত্যাশা, ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একদিন এই ছোট্ট উদ্যোগই পরিণত হবে একটি প্রতিষ্ঠানে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স