ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে হিমাগারে আলুর কেজি ১১ টাকা, তবুও মিলছে না ক্রেতা; লোকসানে কৃষক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ২৩:০৭:৩৩
কুড়িগ্রামে হিমাগারে আলুর কেজি ১১ টাকা, তবুও মিলছে না ক্রেতা; লোকসানে কৃষক কুড়িগ্রামে হিমাগারে আলুর কেজি ১১ টাকা, তবুও মিলছে না ক্রেতা; লোকসানে কৃষক
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামের হিমাগারগুলোতে পড়ে রয়েছে হাজার হাজার মেট্রিক টন আলু। অথচ বাজারে ক্রেতার সংকট থাকায় প্রতি কেজি আলু মাত্র ১১ থেকে ১২ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন ও সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর পেছনে ২০ টাকার বেশি ব্যয় হলেও বিক্রি করতে হচ্ছে অর্ধেক দামের কাছাকাছি। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। কৃষক ও ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে আলুর উৎপাদন বেশি হওয়ায় শুরু থেকেই বাজারে সরবরাহের চাপ ছিল। এর সঙ্গে যোগ হয়েছে খালি বস্তার সংকট ও বাড়তি দাম এবং হিমাগারের ভাড়া বৃদ্ধি। ভালো দাম পাওয়ার আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেন।

কিন্তু প্রত্যাশা অনুযায়ী দাম না বেড়ে বরং দিন দিন কমেছে। তাঁদের ভাষ্য, প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণ করতেই খরচ হয়েছে ৯ টাকার বেশি। উৎপাদন খরচ, বস্তা, পরিবহন ও অন্যান্য ব্যয় যোগ করে প্রতি কেজিতে মোট খরচ দাঁড়িয়েছে ২০ টাকারও বেশি। অথচ এখন ১১-১২ টাকায় বিক্রি করেও লোকসান কমানো যাচ্ছে না। ঋণ ও হিমাগারের ভাড়া পরিশোধ করতে গিয়ে অনেককে বাড়তি অর্থ জোগাড় করতে হচ্ছে। হিমাগারে আলু সংরক্ষণকারী কৃষক আব্দুল্লাহ বলেন, ভালো দামের আশায় আলু হিমাগারে রেখেছিলেন। কিন্তু বর্তমান বাজারদরে বিক্রি করলে উৎপাদন খরচই উঠছে না। এর সঙ্গে হিমাগার ভাড়া, বস্তা ও অন্যান্য খরচ যোগ হওয়ায় লোকসানের পরিমাণ আরও বাড়ছে। স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, এ অঞ্চলে আলুর উৎপাদন বেশি। কিন্তু একসঙ্গে বিপুল পরিমাণ আলু বাজারে আসায় দাম পড়ে গেছে। এখন হিমাগার থেকে আলু বের করার চাপ বাড়লেও পাইকারের দেখা মিলছে কম। রোকন মিয়া বলেন, ১১-১২ টাকা কেজি দরে আলু বিক্রি করে কৃষকের কোনো লাভ হচ্ছে না। অনেকে ঋণ করে আলু উৎপাদন ও সংরক্ষণ করেছেন। দ্রুত বাজারদর না বাড়লে তাঁদের লোকসানের বোঝা আরও বাড়বে। বাবর কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক শরিফ আল মাসুদ জানান, চলতি বছর তাঁদের হিমাগারে ১১ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ছয় হাজার মেট্রিক টন বিক্রি হয়েছে। এখনো পাঁচ হাজার মেট্রিক টন আলু অবিক্রীত রয়েছে। অবিক্রীত আলুর মধ্যে প্রায় এক হাজার মেট্রিক টন বীজ আলু। বাকি আলু আগামী দুই মাসের মধ্যে বিক্রি করা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য অনুকূল হওয়ায় উৎপাদন বেশি হয়। উৎপাদন খরচও তুলনামূলক কম। এ কারণে কৃষকেরা ব্যাপকভাবে আলু চাষ করেন। তবে একই সময়ে বেশি আলু উৎপাদিত হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায়। তিনি আরও বলেন, বর্তমানে হিমাগারে বিপুল পরিমাণ আলু সংরক্ষিত রয়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজারদর বাড়ানো সম্ভব হলে কৃষকদের ভোগান্তি কমবে এবং হিমাগারে থাকা আলু নষ্ট হওয়ার আশঙ্কাও কমবে।

উৎপাদন খরচের তুলনায় বাজারদর অনেক কম হওয়ায় আলুচাষিদের মধ্যে হতাশা বাড়ছে। এ পরিস্থিতিতে কৃষকের লোকসান কমাতে বাজারজাতকরণ, সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ